তরুণীকে ছুরিকাঘাতে হত্যা, যুবকের আত্মহত্যার চেষ্টা
নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের নলদিয়া গ্রামে অর্চনা রানী দাস (২৩) নামের এক তরুণী ছুরিকাঘাতে নিহত হয়েছেন। এ ঘটনার পর রিপন চন্দ্র দাস (২৫) নামের এক যুবক পেটে ছুরি ঢুকিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। গতকাল শনিবার সকাল সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রের ভাষ্য অনুযায়ী, বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় অর্চনাকে ছুরিকাঘাত করার পর রিপন আত্মহত্যার চেষ্টা করেন।
নিহত অর্চনা রানী দাসের বাড়ি নলদিয়া গ্রামে। তিনি বাড়িতে সেলাইয়ের কাজ করতেন। রিপন চন্দ্র দাসের বাড়িও একই গ্রামে। তিনি পেশায় জেলে।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে নবীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বেলায়েত হোসেন বলেন, গতকাল সকাল সাড়ে নয়টার দিকে অর্চনা বসতঘরে বসে সেলাইয়ের কাজ করছিলেন। এমন সময় রিপন একটি ধারালো ছোরা দিয়ে তাঁর বুকে কয়েকটি আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে অর্চনার মৃত্যু হয়। তিনি আরও জানান, ঘটনার পর রিপন চন্দ্র দাস পেটে ছুরি ঢুকিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে তাঁকে ছোরাসহ ধরে পুলিশে সোপর্দ করেন। ছুরিকাঘাতে রিপন গুরুতর আহত হন। পরে তাঁকে পুলিশ পাহারায় নোয়াখালীর আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মোহাম্মদ ফরিদ উদ্দিন চৌধুরী জানান, রিপনের পেটে বিকেলে অস্ত্রোপচার করা হয়েছে। তবে তাঁর অবস্থা এখনো আশঙ্কামুক্ত নয়।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, রিপন অর্চনাকে বিয়ের প্রস্তাব দেন। কিন্তু অর্চনা তা প্রত্যাখ্যান করেন। এতে ক্ষিপ্ত হয়ে গতকাল সকালে অর্চনাকে ছুরিকাঘাতে হত্যা করেন রিপন। গতকাল বিকেল পর্যন্ত এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ করা হয়নি। তিনি জানান, আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের পর অর্চনার লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।