তরুণীকে ধর্ষণের অভিযোগ
রাজধানীর কামরাঙ্গীরচরের নয়াগাঁওয়ে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ধর্ষণের শিকার তরুণীকে গতকাল বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। গতকাল রাতে হাসপাতাল সূত্র জানায়, মেয়েটির ডাক্তারি পরীক্ষার প্রক্রিয়া চলছে।
তরুণীর মা ও এক প্রতিবেশী বলেন, গত মঙ্গলবার রাতে পূর্বপরিচিত বসন্ত কুমার রায় মেয়েটিকে তাঁর বাসায় ধর্ষণ করেন। বুঝতে পেরে এ সময় আশপাশের লোকজন গিয়ে বসন্তকে আটক করে। এ সময় বসন্ত মেয়েটিকে বিয়ে করতে রাজি হন। গতকাল বৃহস্পতিবার আদালতে বিয়ের রেজিস্ট্রি হওয়ার কথা ছিল। কিন্তু সকালে বসন্ত পালিয়ে যান। দুপুরে মেয়েটি আদালতে মামলা করতে গেলে আদালতের নির্দেশে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।
কামরাঙ্গীরচর থানার ওসি মো. শেখ মহসীন আলম প্রথম আলোকে বলেন, হাসপাতাল ও এলাকায় গিয়ে তাঁরা ঘটনার সত্যতা পেয়েছেন।