তরুণীকে নির্যাতন করে হত্যা
গাজীপুরের কাপাসিয়া উপজেলায় নিখোঁজ হওয়ার চার দিন পর গত বুধবার সন্ধ্যায় নাঈমা সুলতানা (২২) নামের এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের অভিযোগ, বখাটেরা তাঁকে ঘর থেকে তুলে নিয়ে নির্যাতন করে হত্যা করেছে। এ ঘটনায় পুলিশ গতকাল শুক্রবার দেলোয়ার হোসেন নামে এক যুবককে গ্রেপ্তার করেছে।
নিহত নাঈমা সুলতানা কাপাসিয়া উপজেলার ভুলেশ্বর গ্রামের কৃষক বাদল মিয়ার মেয়ে। গ্রেপ্তার হওয়া দেলোয়ার হোসেনের বাড়ি কাপাসিয়ার হাইজোড় এলাকায়।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, নাঈমা সুলতানাকে পাঁচ-ছয় বছর ধরে উত্ত্যক্ত করে আসছিলেন ভুলেশ্বর গ্রামের হুজু মিয়ার ছেলে বিল্লাল হোসেন (৩২)। ২০০৯ সালে নাঈমাকে বিয়ের প্রস্তাবও দিয়েছিলেন তিনি। কিন্তু নাঈমার পরিবার ওই প্রস্তাব ফিরিয়ে দেয়। ওই বছরের ১২ জুলাই বিল্লাল হোসেনের ভয়ে অনেকটা গোপনে শ্রীপুর উপজেলার লতিফপুর গ্রামে জহিরুল ইসলামের সঙ্গে তাঁকে বিয়ে দেওয়া হয়। বিয়ের পরও স্বামীর কাছে নানা ধরনের কুৎসা রটাতে থাকেন বিল্লাল। একপর্যায়ে জহিরুল তাঁকে ভুল বোঝেন। এক কন্যাসন্তান হলেও প্রায় দেড় বছর আগে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়। এরপর আবারও নাঈমাকে বিয়ের প্রস্তাব দেন বিল্লাল। এবারও নাঈমা ও তাঁর মা-বাবা ওই প্রস্তাব ফিরিয়ে দেন।
পুলিশ সূত্রে আরও জানা গেছে, গত রোববার রাতে ঘরের একটি কক্ষে বাদল মিয়া, তাঁর স্ত্রী রাশেদা ও নাঈমার দুই বছরের মেয়ে আয়েশা ঘুমিয়ে ছিল। পাশের কক্ষে ছিলেন নাঈমা। সকালে ঘুম থেকে উঠে তাঁরা নাঈমার কক্ষের দরজা খোলা দেখতে পান। কক্ষে গিয়ে নাঈমাকে খুঁজে পাওয়া যায়নি। বুধবার বিকেলে এক কৃষক ধানখেতে সার দিতে গেলে পাশের নয়নেরটেক গজারি বনের ভেতরে এক নারীর লাশ দেখতে পান। খবর পেয়ে সন্ধ্যায় পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। রাতে বাদল মিয়া থানায় গিয়ে লাশটি নাঈমার বলে শনাক্ত করেন।
বাদল মিয়া অভিযোগ করেন, গত ছয় মাসে বিল্লাল কয়েক দফা বিয়ের প্রস্তাব পাঠিয়েছেন। বারবারই তিনি বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। এতে ক্ষিপ্ত হয়ে বিল্লাল তাঁর দুই সহযোগী মুজিবুর রহমান ও দেলোয়ার হোসেনকে নিয়ে গভীর রাতে ঘুমন্ত অবস্থায় তাঁর মেয়েকে তুলে নিয়ে হত্যা করেছেন।
এ ঘটনায় বাদল মিয়া গত বুধবার সন্ধ্যায় বিল্লাল, মুজিবুর, দেলোয়ারসহ ছয়জনের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ বলেন, সুরতহাল প্রতিবেদন করার সময় নাঈমার লাশের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা গেছে। এ ছাড়া গলায় কালো দাগ ছিল। বৃহস্পতিবার লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। মামলার প্রধান আসামি বিল্লাল ও অপর আসামি মুজিবুরকে গ্রেপ্তার করতে অভিযান চালানো হচ্ছে।