তরুণীকে পিটিয়ে শ্বাসরোধে হত্যার অভিযোগে আটক ৫ জন
সিরাজগঞ্জের শাহজাদপুরে বিয়ের দাবিতে প্রেমিকের ভগ্নিপতির বাড়িতে অবস্থান নেওয়া প্রেমিকাকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করার অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার রাতে উপজেলার ধরজামতৈল গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করেছে।
নিহত খাদিজা খাতুন (১৮) এনায়েতপুর থানার খুকনী ইউনিয়নের ঝাউপাড়া গ্রামের আনছার আলীর মেয়ে। তিনি পেশায় সুতাশ্রমিক ছিলেন।
থানা-পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, খাদিজার সঙ্গে সুতার দোকান কর্মচারী একই এলাকার ধরজামতৈল গ্রামের মো. ইউসুফ আলীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বেশ কিছুদিন ধরে খাদিজা বিয়ের জন্য বললে ইউসুফ অপারগতা প্রকাশ করেন। একপর্যায়ে গত মঙ্গলবার সকালে খাদিজা বাড়ির পাশেই ইউসুফের ভগ্নিপতির বাড়িতে যান। এ সময় উপস্থিত ইউসুফসহ ওই বাড়ির লোকজন তাঁকে বেদম মারধর করে গুরুতর আহত করে।
খবর পেয়ে আনছার আলী খাদিজাকে উদ্ধার করে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন। পথে খাদিজা মারা যান। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে খাদিজার লাশ উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ধরজামতৈল গ্রামের ইব্রাহিম হোসেন (৬২), রফিকুল ইসলাম (৩০), রমজান আলী (২৫) এবং এনায়েতপুরের ঝাউপাড়ার ভোলা মিয়া (৩০) ও ইসমাইল হোসেনকে (৬০) আটক করে।
খাদিজার ভাই সবের আলী অভিযোগ করেন, খাদিজাকে পরিকল্পিতভাবে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক বলেন, সুরতহালে লাশের গলায় ও শরীরের বিভিন্ন স্থানে কাল দাগের চিহ্ন দেখা গেছে। এ ঘটনায় সবের আলী মামলা করেছেন। লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। পাঁচজনকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তবে মূল আসামি পলাতক আছেন।