তরুণীকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার চোকদারকান্দি গ্রামে সাবিনা আক্তার নামের এক তরুণী গতকাল সোমবার খুন হয়েছেন। অভিযোগ উঠেছে, বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় তাঁকে বাড়ি থেকে ডেকে নিয়ে গলা কেটে হত্যা করা হয়।
সাবিনার (১৮) বাড়ি চোকদারকান্দি গ্রামে। গতকাল সন্ধ্যায় বাড়ির পাশের একটি পুকুর থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।
পুলিশ ও সাবিনার পরিবার সূত্রে জানা গেছে, সাবিনাকে একই গ্রামের কালাম চোকদার (২৬) প্রায় তিন মাস আগে বিয়ের প্রস্তাব দেন। সাবিনাকে গতকাল বিকেল সাড়ে পাঁচটার দিকে বাড়ি থেকে কালামের মা ডেকে নিয়ে যান। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বাড়ির পাশের একটি পুকুরে সাবিনার গলাকাটা লাশ ভেসে থাকতে দেখেন গ্রামবাসী। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।
সাবিনার ভাই শাহজাহান গাজী বলেন, ‘গতকাল বিকেলে কালামের মা শানু বেগম বাড়ি থেকে সাবিনাকে ডেকে নিয়ে যায়। সন্ধ্যার দিকে বাড়ির পাশের পুকুরে তার লাশ পাই।’ সখীপুর থানার এসআই বিজন দাস বলেন, মামলার প্রক্রিয়া চলছে।