তরুণীকে ভয় দেখিয়ে ধর্মান্তরিত করার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ক্ষুদ্র জাতিসত্তার সদস্য রুমিনা সরেনকে (১৮) ভয়ভীতি দেখিয়ে ধর্মান্তরিত করা হয়েছে বলে অভিযোগ করেছেন তাঁর বাবা-মা। তবে পুলিশ বলছে, তদন্তে রুমিনার বাবা-মায়ের অভিযোগের সত্যতা মেলেনি।
জবানবন্দি নিতে গত বুধবার রুমিনাকে দিনাজপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে আনা হয়। এ সময় বাবা শিকলা সরেন ও মা গমি হেমরম আদালতে আসেন। কিন্তু তাঁরা পৌঁছার আগেই রুমিনা বীরগঞ্জে ফিরে যান। গত বৃহস্পতিবার আদালত চত্বরে তাঁদের সঙ্গে আলাপ হয়।
আদালতে আলাপকালে শিকলা সরেন অভিযোগ করে বলেন, তাঁরা অনেক কষ্ট করে মেয়ে রুমিনাকে লেখাপড়া শিখিয়েছেন। কিন্তু গত ৪ অক্টোবর রুমিনাকে অপহরণ করেন উপজেলার মরিচা ইউনিয়নের ব্রাহ্মণভিটা গ্রামের সমশের মিস্ত্রির ছেলে সেলিম ওরফে মানিক। তাঁকে দিনাজপুরে নিয়ে ভয়ভীতি দেখিয়ে ধর্মান্তরিত করা হয়। পরে বীরগঞ্জের পলাশবাড়ী ইউনিয়নের দারুসসুন্নাহ হোসাইনিয়া মহিলা কওমি মাদ্রাসায় নিয়ে আটকে রাখা হয়। রুমিনার সঙ্গে পরিবারের সদস্যদের, এমনকি মানবাধিকার সংগঠনের নেতাদেরও দেখা করতে দেওয়া হয়নি।
এই মা-বাবা দাবি করেন, ঘটনার পর তাঁরা বীরগঞ্জ থানায় মামলা করতে গিয়েছিলেন। কিন্তু পুলিশ মামলা না নিয়ে রুমিনাকে আরও ভালোভাবে খুঁজতে বলে। ১০-১২ দিন পর পুনরায় থানায় গেলে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদালতে মামলা করার পরামর্শ দেন। কিন্তু টাকাপয়সা ছিল না। তা জোগাড় করে ২১ নভেম্বর শিকলা সরেন দিনাজপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে মামলা করেন। এতে সেলিম ওরফে মানিক এবং অজ্ঞাতপরিচয় দুজনের বিরুদ্ধে অপহরণের অভিযোগ আনা হয়।
শিকলা সরেনের আইনজীবী গণেশ সরেন বলেন, আদালত ওই দিনই অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করতে বীরগঞ্জ থানা-পুলিশকে নির্দেশ দেন। থানার ওসিকে অভিযোগ তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
বীরগঞ্জ থানার পুলিশ গত ২৯ নভেম্বর অভিযোগটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে এজাহার হিসেবে নথিভুক্ত (নম্বর ১৭) করে। বিষয়টি তদন্তের দায়িত্ব পেয়েছেন থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) উত্তম কুমার রায়। তিনি গত বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, এজাহারে শিকলা সরেন মেয়ের বয়স ১৬ বছর উল্লেখ করেছেন। কিন্তু তদন্তে দেখা গেছে, রুমিনা স্থানীয় খড়িকাদাম উচ্চবিদ্যালয় থেকে ২০১৪ সালে এসএসসি পাস করেন। এসএসসির সনদে তাঁর জন্মতারিখ ২ আগস্ট ১৯৯৮। সে হিসাবে তাঁর বয়স ১৮ বছর ৪ মাস।
এদিকে আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, জবানবন্দি লিপিবদ্ধ করতে রুমিনাকে গত বুধবার দিনাজপুরের মুখ্য বিচারিক হাকিম আদালতে আনা হয়। বিচারক গোপাল চন্দ্র রায় তাঁর জবানবন্দি নেন। এতে রুমিনা সরেন বলেছেন, তিনি স্বেচ্ছায় বাড়ি থেকে বেরিয়ে দিনাজপুরে আসেন। পরে তিনি নোটারি পাবলিকের মাধ্যমে স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করে সুমাইয়া আকতার নাম নিয়েছেন। তিনি এখন ওই মাদ্রাসার আবাসিক শিক্ষার্থী।
বীরগঞ্জ থানা সূত্র বলছে, আদালতের সিদ্ধান্ত অনুযায়ী বুধবার সন্ধ্যায় রুমিনা ওরফে সুমাইয়া নিজ জিম্মায় ওই মাদ্রাসায় ফিরেছেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মো. নুরুল ইসলাম ও স্থানীয় ইউপি চেয়ারম্যান জুয়েলুর রহমান।