চিকিৎসাধীন এক তরুণীকে একজন নার্স ইনজেকশন দিয়ে হত্যা করেছেন—এমন গুজবে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হামলা হয়েছে। এতে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও ওই নার্স গুরুতর আহত হয়েছেন। এ ছাড়া পরে সংঘর্ষে পুলিশের এক সদস্যসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।
স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) নিয়াজ মোহাম্মদ প্রথম আলোকে জানান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা পবিত্র কুন্ডুর মাথায় ধারালো অস্ত্রের জখম রয়েছে। এ ছাড়া তাঁর দুই হাত ও দুই পা ভেঙে গেছে। নার্স কাকতি বলের মাথা ও পায়ে ধারালো অস্ত্রের কোপ রয়েছে। তাঁদের অস্ত্রোপচার করা হয়েছে। পুলিশ কনস্টেবল শেখরের মাথা ও শরীরে বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। তাঁকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এদিকে এই হামলার প্রতিবাদে গতকাল শুক্রবার বিকেল থেকে জেলার জেনারেল হাসপাতালসহ উপজেলা পর্যায়ের সব স্বাস্থ্য কমপ্লেক্স ও বেসরকারি হাসপাতালে শুধু জরুরি বিভাগ ছাড়া সব ধরনের চিকিৎসাসেবা বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। বিএমএর জেলা শাখার সভাপতি আবিদ হাসান এ কথা জানান। তিনি বলেন, ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ ডাহা মিথ্যা।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় উপজেলার মিত্রেরডাঙ্গা গ্রামের মনা ভারতী (২২) প্রায় দুই মাস আগে একই উপজেলার গহরডাঙ্গা এলাকার এক মুসলিম ব্যক্তির কাছে আশ্রয় নেন। পরে তিনি হিন্দুধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন। তাঁর নতুন নাম রাখা হয় খাদিজাতুল কোবরা। আশ্রয়দাতাকে ধর্মপিতা বলে ডাকতেন তিনি। ১৯ মে অসুস্থ হয়ে পড়লে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গতকাল বেলা ১১টার দিকে কর্তব্যরত সেবিকা কাকতি বল (৫০) তাঁকে দুটি ইনজেকশন দেন। এরপর দুপুর ১২টার দিকে মনা ওরফে খাদিজাতুলের মৃত্যু হয়। তাঁর এই মৃত্যুকে ঘিরে গুজব ছড়িয়ে পড়ে।
‘হিন্দু থেকে মুসলিম হওয়ায় তাঁকে হিন্দু নার্স ইনজেকশন দিয়ে হত্যা করেছেন’—এমন গুজব ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। জুমার নামাজের পর স্বাস্থ্য কমপ্লেক্সের কাছের গহরডাঙ্গা মাদ্রাসা থেকে মাইকে ঘোষণা দিয়ে এলাকাবাসীকে সংঘবদ্ধ হতে বলা হয়। পরে মাদ্রাসাছাত্র ও স্থানীয় সহস্রাধিক মানুষ ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে বেলা সোয়া দুইটার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হামলা চালায়। তারা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যাপক ভাঙচুর করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার সময় অনেক রোগী স্বাস্থ্য কমপ্লেক্স ছেড়ে বেরিয়ে যান। আশপাশের সব দোকানপাট বন্ধ হয়ে যায়। একপর্যায়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয়েও ব্যাপক ভাঙচুর করা হয়। পরে স্বাস্থ্য কর্মকর্তা পবিত্র কুমার কুন্ডুকে (৫৫) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও লাঠি দিয়ে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করা হয়। এরপর হামলাকারীরা নার্সদের কক্ষে গিয়ে নার্স কাকতি বলকেও কুপিয়ে মারাত্মক জখম করে।
পরে টুঙ্গিপাড়া থানা ও গোপালগঞ্জ পুলিশ লাইনস থেকে অতিরিক্ত পুলিশ এসে লাঠিপেটা করে, কাঁদানে গ্যাসের শেল ও ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় টুঙ্গিপাড়া থানার কনস্টেবল শেখর চন্দ্র বিশ্বাস (৫২) এবং বেশ কয়েকজন বিক্ষোভকারী আহত হয়। তবে ঠিক কতজন আহত হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আসার পর আহত স্বাস্থ্য কর্মকর্তা, নার্স ও পুলিশ কনস্টেবলকে একটি অ্যাম্বুলেন্সে করে গোপালগঞ্জ শহরের ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নেওয়া হয়।
তরুণীকে ইনজেকশনের বিষয়ে জানতে চাইলে সিভিল সার্জন এস এম সিরাজুল ইসলাম বলেন, ওই নার্স চিকিৎসকের ব্যবস্থাপত্র দেখে ইনজেকশন দেন। প্রাথমিকভাবে জানা গেছে, ভুল চিকিৎসার ঘটনা ঘটেনি। এ বিষয়ে আসলে গুজব ছড়ানো হয়েছে।
হামলায় মাদ্রাসা ছাত্রদের অংশগ্রহণ ও মাইকিং করার বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে, টুঙ্গিপাড়ার গহরডাঙ্গা মাদ্রাসার পরিচালনা কমিটির দপ্তর সম্পাদক মাওলানা রেজাউল হক গতকাল সন্ধ্যায় বলেন, ‘শুনেছি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হামলা ও ভাঙচুর হয়েছে। তবে এ ঘটনা কে বা কারা ঘটিয়েছে এ ব্যাপারে আমার কোনো ধারণা নেই। আমি তখন মাদ্রাসাতেই ছিলাম।’
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম রাত পৌনে ১০টার দিকে জানান, হামলার ঘটনায় ওই তরুণীর কথিত ধর্মপিতা আকবর হোসেনকে আটক করা হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে।
গোপালগঞ্জের পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমান জানান, গুজব ছড়িয়ে গহরডাঙ্গা মাদ্রাসা থেকে স্বাস্থ্য কমপ্লেক্সে হামলা ও ভাঙচুরের এ ঘটনা ঘটে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।