তরুণীকে হত্যার পর লাশ করা হলো আট টুকরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ফকিরাপুলে এক তরুণীকে হত্যার পর লাশ আট টুকরা করা হয়েছে। গতকাল মঙ্গলবার পুলিশ এর সাতটি টুকরা উদ্ধার করেছে। চেহারা যাতে না চেনা যায় সে জন্য মুখমণ্ডল পুড়িয়ে দেওয়া হয়েছে। পরিচয় না পাওয়া এই তরুণীর বয়স ২০ থেকে ২২ বছর।
পুলিশ জানায়, তরুণীকে হত্যার পর আট টুকরা করা হয়েছে বলে মনে হচ্ছে। তাঁর ডান হাতের কাঁধ থেকে কনুই পর্যন্ত অংশটি পাওয়া যায়নি।
ফকিরাপুলে ওয়াসার কার্যালয়ের পেছনে গরম পানি গলির একটি চারতলা বাড়ির চিলেকোঠায় খুনি বা খুনিরা তরুণীর লাশ টুকরা করেছে বলে পুলিশ নিশ্চিত হয়েছে। ওই চিলেকোঠা থেকে মেয়েটির পরনের প্রিন্টের সালোয়ার-কামিজ ও খণ্ডিত মাথা উদ্ধার করা হয়েছে। গলা থেকে হাঁটু পর্যন্ত অংশ পাওয়া গেছে ওই বাড়িসংলগ্ন ওয়াসা কার্যালয়ের গুদামঘরের টিনের চালে। ওয়াসার গ্যারেজের টিনের চালে আরও দুটি টুকরা ছিল। বাকি টুকরাগুলো পাওয়া গেছে দুটি বাড়ির মাঝের ফাঁকা জায়গায়।
ওয়াসার ওই কার্যালয়ের সীমানার ভেতরেই আবাসিক এলাকায় কয়েকজন কর্মকর্তা-কর্মচারী থাকেন। চারতলার ছাদ থেকে শরীরের অংশ চালে ফেলা হলেও তাঁরা কোনো শব্দ পাননি। ওয়াসার ওই কার্যালয়ের নিরাপত্তাকর্মী মো. শাহীন জানান, চালে লাশ ফেলার শব্দ কেউ পাননি। গতকাল বেলা দেড়টার পর পুলিশ এসে লাশ উদ্ধারে তৎপরতা শুরু করলে তাঁরা বিষয়টি জানতে পারেন।
মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) আবদুল আউয়াল বলেন, তরুণীর ধড়টি (গলা থেকে হাঁটু পর্যন্ত অংশ) বিছানার চাদর দিয়ে মোড়ানো ও দড়ি দিয়ে বাঁধা ছিল। ধারণা করা হচ্ছে, দড়ি দিয়ে বেঁধে ধীরে ধীরে ধড়টি চালে ফেলার কারণে কোনো শব্দ হয়নি। গত সোমবার রাতের কোনো এক সময়ে হত্যা শেষে খুনি বা খুনিরা লাশটি টুকরা করে। মেয়েটির মুখে কাপড় গোঁজা ছিল। মুখমণ্ডল পুড়িয়ে দেওয়া হয়েছে। হাতে পুরোনো কাটার অনেক দাগ রয়েছে। পেটে ছুরিকাঘাতের তিনটি চিহ্ন রয়েছে।
স্থানীয় লোকজন জানান, চারতলা ওই বাড়ির মালিক দুই ভাই। গতকাল সন্ধ্যায় ওই বাড়িতে গিয়ে তাঁদের কাউকে পাওয়া যায়নি। বাড়িটির নিচতলায় একটি ছাপাখানা। দোতলায় থাকেন দুই মালিকের একজন মোবারকউল্লাহ মুন্সী। তাঁর ফ্ল্যাটের দরজায় তালা ঝুলছিল। তিনতলায় থাকেন তাঁর ছোট ভাই তপু (পুরো নাম জানা যায়নি)। তাঁর ফ্ল্যাটে ভেতর থেকে বন্ধ দরজার কড়া অনেকক্ষণ নাড়লেও কেউ দরজা খোলেনি। ভেতর থেকে বারবার বলা হয়, ‘ভেতরে কেউ নেই।’ চারতলা দুটি পরিবারকে ভাড়া দেওয়া হয়েছে। বাড়িটির নিচতলায় সিঁড়ির মুখে কলাপসিবল ফটক। ছাদে প্রবেশের মুখেও দরজা আছে। সেটি সব সময় খোলা থাকে বলে চারতলার একজন ভাড়াটে জানান। তিনি জানান, পুলিশ আসার পরই তাঁরা টুকরা লাশ ও খুনের বিষয়টি জানতে পারেন।
লোকজন জানান, শনাক্ত করার জন্য পুলিশ স্থানীয় কয়েকজনকে লাশ দেখতে দিয়েছিল। মুখ পুড়ে যাওয়ায় তাঁরা নিশ্চিত হতে পারেননি।
মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরমান আলী বলেন, মেয়েটির পরিচয় মেলেনি। পুলিশ খুনি শনাক্ত করতে পারেনি। তবে চেষ্টা চলছে।