তরুণীর মাথা-মুখ থেঁতলে ও গলা কেটে হত্যা
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার আমতলী গ্রামের রুমানা আকতার মৌ (১৯) নামের এক কলেজছাত্রীর মাথা ও মুখ ইট দিয়ে থেঁতলে এবং গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার রাতে নওগাঁ নাপিতপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত ওই ছাত্রী জেলার বীরগঞ্জ উপজেলার বড় শীতলাই গ্রামের মো. আবদুল মালেকের মেয়ে। নিহত রুমানা পার্শ্ববর্তী ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার হলদিবাড়ী কারিগরি কলেজের সম্মান প্রথম বর্ষে পড়তেন।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক এলাকাবাসী বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে এলাকার কয়েকজন রাস্তার পাশের মাঠে এক তরুণীর মৃতদেহ দেখে চিৎকার করলে আশপাশের লোকজন জড়ো হয়। এরপর বীরগঞ্জ থানায় খবর দেওয়া হলে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
গ্রামবাসীর সহায়তায় পুলিশ ঘটনাস্থল থেকে মেয়েটির ব্যবহৃত ভ্যানিটি ব্যাগ, ব্যাগের ভেতরে একটি ডায়েরি, জুসের বোতল, হত্যাকারীদের ফেলে যাওয়া একটি বড় হাসুয়া, রক্তমাখা ইট আলামত হিসেবে জব্দ করেছে। পুলিশ মেয়েটির ভ্যানিটি ব্যাগে থাকা ডায়েরি থেকে তাঁর পরিচয় জেনে ফোন করে পরিবারকে বিষয়টি অবহিত করে।
সুরতহাল প্রতিবেদন থেকে জানা যায়, নিহত তরুণীর গলার ডান পাশে ধারালো অস্ত্রের আঘাত এবং মাথা ও মুখ ইট দিয়ে থেঁতলানো ছিল। ওই তরুণীর পরনের বোরকাটির অনেকটা অংশ পোড়া ছিল।
পুলিশের ধারণা, মারধরের একপর্যায়ে দুর্বৃত্তরা তরুণীটির গায়ে আগুন ধরিয়ে দেয়।
নিহত রুমানার বাবা আবদুল মালেকের ভাষ্য, বৃহস্পতিবার বিকেলে দাঁতের চিকিৎসক দেখানোর কথা বলে রুমানা বাড়ি থেকে একা বীরগঞ্জ শহরের দিকে রওনা হয়। এরপর আর ফিরে আসেনি। রাত নয়টার দিকে পুলিশের ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিবারের সদস্যরা রুমানার লাশ শনাক্ত করে।
বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. বেলাল হোসেন বলেন, গত শুক্রবার ময়নাতদন্ত শেষে রুমানার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নিহতের বাবা একটি হত্যা মামলা করেছেন। তবে এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি।
দিনাজপুরের পুলিশ সুপার মো. রুহুল আমিন বলেন, শুক্রবার বিকেলে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ গুরুত্বের সঙ্গে নির্মম এ হত্যাকাণ্ডের তদন্ত করছে। খুব শিগগিরই হত্যা রহস্য উদ্ঘাটন ও জড়িতদের গ্রেপ্তার করা সম্ভব হবে বলে তিনি আশাবাদী।