তরুণীর লাশ বাড়ি নিতে পরিবারের আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চলন্ত বাসে তরুণীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় গ্রেপ্তার ছোঁয়া পরিবহনের চালক হাবিব ও সুপার ভাইজার সফর আলীকে আজ বুধবার বিকেলে টাঙ্গাইল আদালতে হাজির করা হয়। ছবি: প্রথম আলো
চলন্ত বাসে তরুণীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় গ্রেপ্তার ছোঁয়া পরিবহনের চালক হাবিব ও সুপার ভাইজার সফর আলীকে আজ বুধবার বিকেলে টাঙ্গাইল আদালতে হাজির করা হয়। ছবি: প্রথম আলো

টাঙ্গাইলের কেন্দ্রীয় গোরস্থানে বেওয়ারিশ লাশ হিসেবে দাফন করা ধর্ষণের পর হত্যার শিকার তরুণীর লাশ তুলে বাড়ি নিয়ে যেতে চায় পরিবারের লোকজন। এদিকে আজ বুধবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আরও দুজন। এ নিয়ে গ্রেপ্তার পাঁচ আসামির সবাই দোষ স্বীকার করে জবানবন্দি দিলেন। এ মামলায় শিগগিরই অভিযোগপত্র দেওয়া হবে বলে জানিয়েছেন টাঙ্গাইলের পুলিশ সুপার।

লাশ তুলে বাড়ি নেওয়ার আবেদন
তরুণীর বাড়ি সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার আসানবাড়ি গ্রামে। তিনি বগুড়া সরকারি আজিজুল হক কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করে ঢাকা আইডিয়াল ল কলেজে এলএলবি শেষ পর্বে পড়াশোনা করছিলেন। পড়াশোনার পাশাপাশি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করতেন তিনি। তাঁর কর্মস্থল ছিল শেরপুর জেলা। ২৫ আগস্ট শুক্রবার ওই তরুণী বগুড়ায় শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অংশগ্রহণ শেষে সন্ধ্যা সাতটার দিকে ময়মনসিংহ যাওয়ার জন্য ছোঁয়া পরিবহনের একটি বাসে ওঠেন। রাত ১০টা পর্যন্ত তরুণীর সঙ্গে তাঁর বড় ভাইয়ের মুঠোফোনে যোগাযোগ ছিল। কিন্তু এরপর থেকে ফোনটি বন্ধ পাওয়া যায়। পরের দিন শনিবার কোনো খোঁজ না পেয়ে ভাই ময়মনসিংহ যান এবং ময়মনসিংহ কোতোয়ালি থানায় এ ব্যাপারে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

টাঙ্গাইলের মধুপুর থেকে শুক্রবার রাতে অজ্ঞাত এক তরুণীর লাশ উদ্ধার করে পুলিশ। পরের দিন টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে তাঁর ময়নাতদন্ত সম্পন্ন হয়। ওই দিনই টাঙ্গাইল কেন্দ্রীয় গোরস্থানে বেওয়ারিশ লাশ হিসেবে তাঁকে দাফন করা হয়। পুলিশ বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মধুপুর থানায় একটি হত্যা মামলা করে। লাশ উদ্ধারের খবর পেয়ে ভাই সোমবার রাতে মধুপুর থানায় গিয়ে ছবি দেখে বোনের লাশ শনাক্ত করেন।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম বলেন, তরুণীর লাশ তুলে গ্রামের বাড়িতে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে পরিবার। এ ব্যাপারে ভাই পুলিশের কাছে আবেদন করেছেন। তিনি আবেদনটি জেলা ম্যাজিস্ট্রেটের কাছে পাঠিয়েছেন।

আরও দুই আসামির জবানবন্দি
মধুপুর থানার পরিদর্শক কাইয়ুম খান সিদ্দিকী বলেন, চলন্ত বাসে তরুণীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় গ্রেপ্তার দুই আসামি ছোঁয়া পরিবহনের চালক হাবিবুর রহমান ও সুপারভাইজার সফর আলী ওরফে গেন্দু আজ আদালতে জবানবন্দি দিয়েছেন। তাদের আজ দুপুরের পর টাঙ্গাইল বিচারিক হাকিম আদালতে নেওয়া হয়। তাঁরা ১৬৪ ধারায় জবানবন্দি দেন। জ্যেষ্ঠ বিচারিক হাকিম রুপন কুমার দাস চালক হাবিবুর রহমানের এবং অপর জ্যেষ্ঠ বিচারিক হাকিম শামসুল আলম সুপারভাইজার সফর আলীর জবানবন্দি লিপিবদ্ধ করেন।

আদালত ও পুলিশ সূত্রে জানা গেছে, এ দুজন জবানবন্দিতে ধর্ষণ ও হত্যায় অংশ নেননি বলে জানিয়েছেন। তবে মধুপুর বন এলাকায় লাশ ফেলতে তাঁরা সহায়তা করেছেন।

শিগগিরই দেওয়া হবে অভিযোগপত্র
টাঙ্গাইলের পুলিশ সুপার মো. মাহবুব আলম আজ বিকেলে তাঁর কার্যালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেন। তিনি বলেন, সঠিকভাবে তদন্ত করে অল্প সময়ের মধ্যে এ মামলার অভিযোগপত্র দেওয়া হবে। অপরাধীদের শাস্তির জন্য যা যা করা দরকার, তার সবই করা হবে।

তরুণীর মুঠোফোন ও ব্যাগ উদ্ধার
মধুপুর থানার ওসি বলেন, পুলিশ আসামিদের স্বীকারোক্তি অনুযায়ী ওই তরুণীর মুঠোফোন ও ভ্যানিটি ব্যাগ উদ্ধার করেছে। মুঠোফোনটি মধুপুর থানা-পুলিশ ময়মনসিংহের মির্জাপুর গ্রামে আসামি শামীমের বাড়ি থেকে গতকাল মঙ্গলবার উদ্ধার করেছে। এ ছাড়া ব্যাগটি মধুপুর বনাঞ্চলের টেলকির কাছাকাছি জায়গা থেকে একই দিন উদ্ধার করা হয়।

গ্রেপ্তার পাঁচজন হলেন বাসের চালক হাবিব, সুপারভাইজার সফর আলী এবং বাসের তিন সহকারী শামীম, আকরাম ও জাহাঙ্গীর। গ্রেপ্তার হওয়া তিন সহকারী গতকাল মঙ্গলবার বিকেলে টাঙ্গাইল বিচারিক হাকিম আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাঁরা ধর্ষণ ও হত্যার কথা স্বীকার করেছেন। টাঙ্গাইলের জ্যেষ্ঠ বিচারিক হাকিম গোলাম কিবরিয়া জবানবন্দি লিপিবদ্ধ করেন।