তরুণীর হাত-পা বাঁধা বস্তবন্দী লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় গতকাল রোববার অজ্ঞাতনামা এক তরুণীর (২৪) হাত-পা বাঁধা বস্তাবন্দী লাশ উদ্ধার করা হয়েছে। একই দিন জেলার ফুলপুর উপজেলায় অজ্ঞাতপরিচয় আরেক ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বেলা একটার দিকে ফুলবাড়িয়া উপজেলার দেওখলা ইউনিয়নের কালীবাজাইল গ্রামে একটি ডোবায় হাত-পা বাঁধা অবস্থায় এক তরুণীর বস্তাবন্দী লাশ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। পরে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। গতকাল বিকেল পর্যন্ত তাঁর পরিচয় মেলেনি।

ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কবিরুল ইসলাম বলেন, তরুণীর লাশটি হাতা-পা বেঁধে কুঁজো করে বস্তায় ভরে রাখা ছিল। গলায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, তাঁকে শ্বাসরোধে হত্যা করে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।

ফুলপুর পৌর শহরে গতকাল সকালে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির (৪৫) লাশ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। পরে পুলিশকে জানানো হয়। পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। ফুলপুর থানার ওসি আলী আহাম্মদ মোল্লা বলেন, প্রাথমিকভাবে এটি অসুস্থতার কারণে মৃত্যু বলে ধারণা করা হচ্ছে।