তরুণীসহ তিনজনকে খুঁজছে পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র মো. আলাউদ্দিন খুনের ঘটনায় জড়িত সন্দেহে এক তরুণীসহ তিনজনকে খুঁজছে পুলিশ। তাঁদের ধরতে গত বৃহস্পতিবার রাত থেকে চট্টগ্রাম নগর ও জেলার বিভিন্ন স্থানে অভিযান চলে। তবে কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
নিহত আলাউদ্দিনের বাবা শাহ আলম গতকাল সন্ধ্যায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, বাসা ভাড়া নেওয়ার কথা বলে তাঁর ছেলেকে ডেকে নিয়ে খুন করা হয়েছে। এ জন্য তিনি এক তরুণী ও দুই যুবককে দায়ী করেন। তিনি বলেন, ওই তিনজনকে গ্রেপ্তার করা গেলে হত্যার রহস্য উদ্ঘাটন হবে। ওই তরুণীর সঙ্গে তাঁর ছেলের প্রেমের সম্পর্ক ছিল বলে তিনি শুনেছেন।
গত বুধবার বিকেলে চট্টগ্রাম নগরের বায়েজীদ বোস্তামী থানার পশ্চিম শহীদনগর এলাকায় একটি বাসা ভাড়া নেওয়ার নাম করে ঘরে ঢোকেন এক তরুণীসহ চারজন। বাড়ির তত্ত্বাবধায়ককে জানান, বাসা তাঁদের পছন্দ হয়েছে। এখন থেকেই থাকতে চান তাঁরা। রাজি হয়ে যান তত্ত্বাবধায়কও। এর তিন ঘণ্টার মধ্যে একে একে বাসা থেকে বেরিয়ে যান তরুণীসহ তিনজন। চতুর্থজনের (আলাউদ্দিন) লাশ পাওয়া যায় বাসার টয়লেটে হাত-পা বাঁধা অবস্থায়। খুনের এই ঘটনা যেন ভৌতিক ছবির কাহিনি। নিহত আলাউদ্দিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে পড়তেন।
এ ঘটনায় নিহত ব্যক্তির বাবা শাহ আলম বাদী হয়ে গত বৃহস্পতিবার রাতে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে বায়েজীদ বোস্তামী থানায় হত্যা মামলা করেন। ওই রাতেই গ্রামের বাড়ি হাটহাজারীর ফতেপুরে পারিবারিক কবরস্থানে আলাউদ্দিনের লাশ দাফন করা হয়।
বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মুহসীন প্রথম আলোকে বলেন, আলাউদ্দিন বুধবার বিকেলে বাড়ি থেকে বের হয়ে বাসে করে নগরের অক্সিজেন এলাকায় যাওয়ার সময় তাঁর এক খালাতো ভাই সঙ্গে ছিলেন। তিনি (খালাতো ভাই) অক্সিজেনের আগেই বাস থেকে নেমে যান। এই খালাতো ভাইয়ের কাছ থেকে জানা গেছে, গাড়িতে থাকা অবস্থায় আলাউদ্দিনের মুঠোফোনে একাধিকবার এক তরুণীর ফোন আসছিল। তাঁরা ইমোতে (ইন্টারনেটে কথা বলার অ্যাপস) কথা বলছিলেন। এ কারণে তরুণীটির মুঠোফোন নম্বর পাওয়া যায়নি। তরুণী ও তাঁর সঙ্গে থাকা দুই যুবকের পরিচয় পাওয়া গেলেও তদন্তের স্বার্থে তাঁদের নাম প্রকাশ করা যাচ্ছে না।
ওসি মুহসীন বলেন, বাড়িটির তত্ত্বাবধায়ক হাসিনা বেগম ও তাঁর স্বামী জাহাঙ্গীর আলমকে জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার রাতে থানা থেকে ছেড়ে দেওয়া হয়েছে। তাঁদের কাছ থেকে ওই তিনজনের চেহারা ও শারীরিক গঠন সম্পর্কে ধারণা পাওয়া গেছে। প্রয়োজনে তাঁদের আবার জিজ্ঞাসাবাদ করা হবে।