তরুণীসহ তিনজনকে হত্যা
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গতকাল বৃহস্পতিবার অজ্ঞাতনামা এক তরুণী ও গাইবান্ধার গোবিন্দগঞ্জে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা, দুজনকেই হত্যা করা হয়েছে। এদিকে গোপালগঞ্জে ধারালো অস্ত্রের আঘাতে আহত পরিবহন শ্রমিকনেতা চিকিৎসাধীন অবস্থায় গতকাল মারা গেছেন।
প্রথম আলোর আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
ফরিদপুর: গোপালগঞ্জে নিহত পরিবহন শ্রমিকনেতার নাম সাইদুর রহমান। গতকাল সকাল সাড়ে নয়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। সাইদুর গোপালগঞ্জ বাস শ্রমিক ইউনিয়নের সভাপতি। তবে শ্রমিক ইউনিয়নের আসন্ন নির্বাচন উপলক্ষে গঠনতন্ত্র অনুযায়ী তিনি দুই মাস আগে দায়িত্ব ছেড়ে দেন। বুধবার রাত নয়টার দিকে শহরের লেকপাড় এলাকায় দুর্বৃত্তরা সাইদুরের দুই পা, ডান হাত, মাথা ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। তাঁকে প্রথমে গোপালগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে বুধবার রাতেই তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
পুলিশ ও বাস শ্রমিক ইউনিয়ন সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তার ও বাসশ্রমিকদের নেতৃত্ব নিয়ে শহরের কুয়াডাঙ্গা এলাকায় বুলবুল ও সাইদুর পক্ষের মধ্যে বিরোধ চলছিল। গত পৌর নির্বাচনে সাইদুরের সমর্থিত কাউন্সিলর প্রার্থী মোস্তাক আহমেদ পরাজিত হন। বিজয়ী হন বুলবুল-সমর্থিত প্রার্থী মো. আলিমুজ্জামান। চার দিন আগে কুয়াডাঙ্গা বাস টার্মিনালে একটি বাসের পার্কিং নিয়ে ওই দুই পক্ষের সংঘর্ষ হয়।
গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) সওগাতুল আলম বলেন, এলাকায় অতিরিক্ত পুলিশ ও র্যা ব সদস্যদের মোতায়েন করা হয়েছে। সন্ধ্যা পর্যন্ত কোনো মামলা হয়নি।
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া): সরাইল থানার পুলিশ শাখাইতি এলাকায় মেঘনা নদী থেকে অজ্ঞাতনামা (২৫) তরুণীর লাশ উদ্ধার করে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বলেন, গতকাল বেলা দুইটার দিকে মেঘনা নদীর শাখাইতি বাজার এলাকায় ওই তরুণীর লাশ ভাসতে দেখেন স্থানীয় লোকজন। পুলিশ লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠান।
এসআই রাকিব হাসান বলেন, ওই তরুণীর হাত-পা রশি দিয়ে বাঁধা ছিল। লাশে পচন ধরেছে। এ জন্য শরীরে কোনো আঘাতের চিহ্ন আছে কি না, তা বোঝা যাচ্ছে না। থানার ওসি মো. আলী আরশাদ বলেন, ময়নাতদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সরাইল থানায় মামলা হয়েছে।
গাইবান্ধা: জেলার গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা এলাকার একটি পরিত্যক্ত ভবন থেকে অজ্ঞাতনামা (৫০) এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। গোবিন্দগঞ্জ থানার পুলিশ জানায়, গতকাল সকালে স্থানীয় লোকজন সাপমারা এলাকার একটি পোশাক কারখানাসংলগ্ন পরিত্যক্ত ভবনে ওই ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। পরে পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছে।
থানার ওসি মোজাম্মেল হক বলেন, ওই ব্যক্তির পরনে কালো জ্যাকেট ও ছেঁড়া ফুল প্যান্ট ছিল। তাঁর হাতে ও বুকে পোড়া দাগ রয়েছে। পূর্বশত্রুতার জের ধরে তাঁকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তদন্ত চলছে।