তরুণীসহ তিনজনের লাশ উদ্ধার
সিরাজগঞ্জের রায়গঞ্জ ও নওগাঁর রানীনগর উপজেলায় গতকাল শনিবার অজ্ঞাতপরিচয় দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। একই দিন নাটোরের সিংড়ায় অজ্ঞাতপরিচয় এক তরুণীর (২৫) লাশ পাওয়া যায়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশের বরাত দিয়ে আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
সিরাজগঞ্জ: সকালে রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী গ্রামের একটি ডোবার মধ্যে ওই যুবকের (২৬) লাশ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। তাঁরা পুলিশে খবর দেন। সকাল সাড়ে নয়টার দিকে পুলিশ ঘটনাস্থলে এসে তাঁর লাশ উদ্ধার করে। পরে পুলিশ তাঁর লাশ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। নিহতের গলায় রশি দিয়ে জড়ানো এবং পেটে ও বুকে আঘাতের চারটি চিহ্ন রয়েছে।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হাসান বিশ্বাস জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাঁকে শ্বাসরোধ ও ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। এ বিষয়ে পুলিশ একটি অপমৃত্যুর মামলা করেছে।
নাটোর: সকাল ১০টার দিকে সিংড়া উপজেলার ইটালি গ্রামের রাস্তার পাশের ডোবায় বোরকা পরা এক তরুণীর লাশ ভাসতে দেখেন এলাকাবাসী। পরে তাঁরা পুলিশে খবর দেন। পুলিশ এসে তার লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য তার লাশ নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। সিংড়া থানার ওসি শফিকুল ইসলাম জানান, ওই তরুণীর শরীরে, গলায় ও বুকে আঘাতের একাধিক চিহ্ন রয়েছে। তাঁর লাশ শনাক্ত করা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই তরুণীকে মারধর ও শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে একটি হত্যা মামলা করেছে।
আদমদীঘি (বগুড়া): সকালে নওগাঁর রানীনগর উপজেলার পারইল ইউনিয়নের কদমতলী এলাকায় ওই যুবকের (৩০) লাশ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। পরে তাঁরা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠায়।