তরুণের অত্যাচারে স্কুলছাত্রীর লেখাপড়া বন্ধ
রাজশাহীর বাগমারা উপজেলায় উত্ত্যক্তের শিকার দশম শ্রেণির এক ছাত্রী লেখাপড়া বন্ধ করে দিয়েছে। এবার তার এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল। গত শনিবার পুলিশ উত্ত্যক্তকারী ওই তরুণকে আটক করার পর ভ্রাম্যমাণ আদালত তাঁকে জরিমানা করেছেন।
ছাত্রীটির পরিবারের সদস্যরা বলেন, মেয়েটিকে যোগীপাড়া ইউনিয়নের শান্তপাড়া গ্রামের শাহিনুর ইসলাম (২৫) প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন। প্রস্তাব প্রত্যাখ্যান করায় শাহিনুর মেয়েটির ওপর অ্যাসিড নিক্ষেপের ভয় দেখান। এ অবস্থায় মেয়েটি বিদ্যালয়ে যাতায়াত বন্ধ করে দেয়। প্রায় ছয় মাস ধরে মেয়েটি বিদ্যালয়ে যাতায়াত ও লেখাপড়া বন্ধ করে দিয়ে বাড়িতেই ছিল। এদিকে স্থানীয় লোকজনের চাপে শাহিনুর এলাকা ছেড়ে গাজীপুরে একটি পোশাক কারখানায় চাকরির জন্য চলে যান।
সপ্তাহখানেক আগে শাহিনুর এলাকায় ফিরে আবার মেয়েটিকে উত্ত্যক্ত করা শুরু করেন। এ ব্যাপারে গত শুক্রবার স্থানীয় যোগীপাড়া পুলিশ তদন্তকেন্দ্রে মেয়েটির বাবা লিখিত অভিযোগ দেন। শনিবার বিকেলে পুলিশ শাহিনুরকে তাঁদের বাড়ি থেকে আটক করে। রাত ১১টার দিকে তাঁকে ভ্রাম্যমাণ আদালতে নেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও বাগমারার সহকারী কমিশনার (ভূমি) আলমগীর হোসেন বলেন, ২৩ ফেব্রুয়ারি রাতে শাহিনুর মেয়েটির ঘরের জানালায় টোকা দিয়েছেন বলে স্বীকার করেছেন। এ জন্য তাঁকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। আগামী তিন দিন তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।