ঢাকার সাভারের আমিনবাজারে জমি নিয়ে বিরোধে মোহাম্মদ আকাশ নামের এক তরুণের দুই হাতের কবজি থেকে কেটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গত বৃহস্পতিবার এ ঘটনা ঘটে।
দেড় বছর আগে আকাশের (১৮) মাকে দুই পায়ে গুলি করে আহত করেন তাঁরা। তাঁর বড় ভাই নিখোঁজ ছয় বছরেরও বেশি সময় ধরে।
স্থানীয় জনপ্রতিনিধি ও প্রতিবেশীরা বলেন, আমিনবাজারে ঢাকা-আরিচা মহাসড়ক থেকে ১০০ গজ দূরে বসুধা সড়কের পাশে আকাশ ও তাঁর তিন ভাইয়ের ৪ শতাংশ জমি রয়েছে। তাঁরা পৈতৃক সূত্রে ওই জমির মালিক। দীর্ঘদিন ধরে প্রতিবেশী ওয়াহাব আলীর ছেলে হাফিজুল ইসলাম ও সাইফুল ইসলাম ওই জমি তাঁদের বলে দাবি করে আসছেন। কিন্তু দাবির পক্ষে তাঁরা কোনো কাগজপত্র দেখাতে পারেননি। এরপরও ওই জমিতে মাটি ভরাট করছিলেন তাঁরা। এর প্রতিবাদ করায় আকাশের কবজি কেটে নেওয়া হয়েছে।
আকাশের বড় ভাই মোহাম্মদ লিটন বলেন, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে তাঁর ভাই আকাশ বিরোধপূর্ণ জমির পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় হাফিজুল, সাইফুল ও তাঁদের চাচা মজিবর রহমান তাঁর ভাইকে টেনেহিঁচড়ে তাঁদের বাড়িতে নিয়ে যান। এরপর আকাশকে বাড়ির দ্বিতীয় তলার একটি কক্ষে নিয়ে চেয়ারে বসিয়ে রশি দিয়ে তাঁর দুই হাত ও পা বেঁধে ফেলেন। পরে তাঁরা ধারাল অস্ত্র দিয়ে তাঁর (আকাশ) বাঁ হাতের কবজি, ডান হাতের চার আঙুলসহ কবজির আংশিক কেটে ফেলেন। খবর পেয়ে তিনি লোকজন নিয়ে গিয়ে ওই কক্ষ থেকে আকাশকে উদ্ধার করেন। পরে তাঁকে রাজধানীর পঙ্গু হাসপাতালে (জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান) নিয়ে ভর্তি করান।
গতকাল হাফিজুলদের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। চারতলা বাড়িটির মূল ফটকে তালা ঝুলতে দেখা যায়। কথা বলার জন্য চেষ্টা করেও হাফিজুল ইসলাম ও সাইফুল ইসলামের মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
আকাশের মা হাসিনা বেগম বলেন, বছর ছয়েক আগে তাঁর বড় ছেলে মতিউর রহমান নিখোঁজ হন। তাঁর আর কোনো সন্ধান পাওয়া যায়নি। জমি নিয়ে বিরোধের জের ধরেই তাঁকে হত্যা করে গুম করা হয়েছে। আর বছর দেড়েক আগে তাঁর (হাসিনা) দুই পায়ে গুলি করে সাইফুল। এসব ঘটনায় হাফিজুলদের বিরুদ্ধে সাভার মডেল থানায় দুটি মামলা করা হয়। সেগুলো বিচারাধীন।
হাসিনা বেগম আরও বলেন, সম্প্রতি মামলা তুলে নেওয়ার জন্য তাঁর ছেলেদের ও তাঁকে ক্রমাগত হত্যার হুমকি দেওয়া হচ্ছিল। ভয়ে তিনি হাফিজুলদের সঙ্গে আপস করতে সম্মত হন। সপ্তাহ খানেক আগে তাঁর (হাসিনা) কাছ থেকে আপসনামায় সই নেওয়া হয়। এর পরপরই বিরোধপূর্ণ ওই জমিতে মাটি ভরাট শুরু করেন তাঁরা। এতে বাধা দেওয়ায় আকাশের কবজি কেটে নেওয়া হয়।
আমিনবাজার ইউনিয় পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুর রউফও বলেন, জমিটির প্রকৃত মালিক আউয়ালের ছেলেরা। কিন্তু হাফিজুল ও তাঁর ভাই সাইফুল ওই জমি তাঁদের বলে দাবি করে আসছিলেন। এর জের ধরে তাঁরা পরিবারটির ওপর নির্যাতন চালাচ্ছেন।
সাভার মডেল থানার সহকারী পুলিশ সুপার (এএসপি) মাহবুবুর রহমান বলেন, জমি নিয়ে বিরোধের জের ধরেই আকাশের কবজি কেটে নিয়েছে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।