তরুণের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে আনুমানিক ১৮ বছর বয়সী অজ্ঞাতনামা এক তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ। গত রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আলফাডাঙ্গা উপজেলার বুরাইচ ইউনিয়নের হেলেঞ্চা বাজার এলাকা-সংলগ্ন মধুমতী নদী থেকে ওই লাশটি উদ্ধার করা হয়। এলাকাবাসী জানান, হেলেঞ্চা বাজারের দক্ষিণ পাশে মধুমতী নদীতে লাশটি ভাসতে দেখে তাঁরা পুলিশে খবর দেন। পরে পুলিশ লাশটি উদ্ধার করে। আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, লুঙ্গি পরা ওই তরুণের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে আনুমানিক পাঁচ-ছয় দিন আগে ওই তরুণকে হত্যা করে লাশ নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, লাশটি ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।