তরুণের লাশ উদ্ধার হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিখোঁজের দুই দিন পর ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের আবদুল্লাহপুর নাসিপাড়া এলাকা থেকে গতকাল শুক্রবার কামরুল ইসলাম (২৩) নামের এক তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ।
কামরুলের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত বুধবার বেলা দুইটায় কামরুল ফোন পেয়ে বাড়ি থেকে বের হন। বাসায় ফিরতে দেরি হওয়ায় রাত সাড়ে ১০টার দিকে কামরুলের মুঠোফোনে ফোন করে তা বন্ধ পাওয়া যায়। বিভিন্ন স্থানে খোঁজ নিয়ে কোনো সন্ধান না পেয়ে কামরুলের বাবা হাসমত আলী গত বৃহস্পতিবার বেলা ১১টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি জিডি করেন। এ ছাড়া বৃহস্পতিবার বিকেলে কামরুলের বাবা কেরানীগঞ্জ মডেল থানায় লিখিত অভিযোগ দেন। পরে কেরানীগঞ্জ মডেল থানা-পুলিশ বৃহস্পতিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে ওই মেয়ে (২১) ও রোহিতপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আনিসুর রহমানকে আটক করে। এদিকে গতকাল সকালে কামরুলের লাশ আবদুল্লাহপুর নাসিপাড়া এলাকার একটি পরিত্যক্ত পুকুরে ভাসতে দেখেন স্থানীয় ব্যক্তিরা। পরে তাঁরা পুলিশে খবর দেন। সকাল ১০টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে।
কামরুলের বোন লাকি বেগম অভিযোগ করেন, কেরানীগঞ্জ মডেল থানাধীন সোনাকান্দা এলাকার এক মেয়ের সঙ্গে কামরুলের প্রেমের সম্পর্ক চলছিল। আনিসুর রহমান (২৪) কামরুলকে ফোনে ওই মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিন্ন করতে বলেন। ওই মেয়ের সঙ্গে সম্পর্ক অব্যাহত রাখার কারণেই কামরুলকে আনিসুর ও তাঁর লোকজন পরিকল্পিতভাবে হত্যা করেছেন।