কুষ্টিয়ার দৌলতপুরে র্যা বের সদস্যরা অভিযান চালিয়ে সাইদুল ইসলাম (২৪) নামের এক তরুণকে আটক করেছেন। গাজীপুরে এক ছাত্রীকে অপহরণের অভিযোগে সাইদুলকে গত বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে তাঁর গ্রামের বাড়ি দৌলতপুরের বিলগাথুয়া গ্রাম থেকে আটক করা হয়।
অপহরণে সহযোগিতার অভিযোগে র্যা পিড অ্যাকশন ব্যাটলিয়ান (র্যা ব-১২) সাইদুলের মা আনোয়ারা বেগমকেও (৫৫) আটক করে কুষ্টিয়া র্যা ব ক্যাম্পে নেয়। ওই বাড়ি থেকে অপহৃত ছাত্রীকে (১৮) উদ্ধার করে র্যা ব। সাইদুল মৃত বায়েজিদ মণ্ডলের ছেলে।
গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া র্যা ব ক্যাম্পে সংবাদ সম্মেলনে মা ও ছেলেকে সাংবাদিকদের সামনে হাজির করা হয়। এ সময় আনোয়ারা বেগম খালি পায়ে তীব্র শীতে কাঁপতে থাকেন।
সংবাদ সম্মেলনে কুষ্টিয়া র্যা ব-১২ ক্যাম্পের অধিনায়ক লে. কমান্ডার আলী হায়দার চৌধুরী বলেন, গাজীপুর জেলার সফিপুরে একটি প্রতিষ্ঠিত কোম্পানিতে কর্মরত পরিচয় দিয়ে সাইদুল ১ ডিসেম্বর কালিয়াকৈরে বাসা ভাড়া নেন। এক সপ্তাহের মধ্যে ওই বাড়ির মালিকের মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। ২১ ডিসেম্বর মেয়েটিকে বিয়ের প্রলোভন দেখিয়ে বাসা থেকে বের করে ট্রেনযোগে পাবনার ঈশ্বরদী আসেন। পরে সাইদুল দৌলতপুর উপজেলার হোসনাবাদ গ্রামের মজিদ ভান্ডারীর বাড়িতে যান। সেখানে ওই মেয়ের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন করে একটি সোনার চেইন, মুঠোফোন ও দুই হাজার টাকা ছিনিয়ে নেন। একপর্যায়ে বাবার কাছে টাকা চাইতে মেয়েটির ওপর নির্যাতন করতে থাকেন। এরই মধ্যে মেয়ের বাবা ২৩ ডিসেম্বর কালিয়াকৈর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। ২৫ ডিসেম্বর সাইদুল মুঠোফোনে ওই ছাত্রীর বড় ভাইয়ের কাছে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। অভিযোগ পেয়ে র্যা ব ২৫ ডিসেম্বর কুষ্টিয়া জেলার বিভিন্ন জায়গায় অভিযান চালায়।
সংবাদ সম্মেলনে সাংবাদিকেরা ওই ছাত্রী ও তাঁর পরিবারের কারও বক্তব্য নেওয়ার চেষ্টা করলে র্যা বের অধিনায়ক বলেন, মেয়েটি বক্তব্য দিতে রাজি না। তাঁর পরিবারের কোনো সদস্য এই মুহূর্তে র্যা ব ক্যাম্পে নেই।
সাইদুল সাংবাদিকদের জানান, ওই ছাত্রীর সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক। মেয়েটির ইচ্ছাতেই তিনি (সাইদুল) স্ত্রীকে ছেড়ে তাঁকে নিয়ে বাড়ি চলে আসেন।