তলা ফুটো ও অতিরিক্ত যাত্রী, মুন্সিগঞ্জে দুটি লঞ্চ আটক
অতিরিক্ত যাত্রী বহন ও বিভিন্ন ত্রুটির কারণে মুন্সিগঞ্জের সদর উপজেলার কাঠপট্টি এলাকায় ধলেশ্বরী নদীতে গতকাল বৃহস্পতিবার দুটি লঞ্চ আটক করে পুলিশ। পরে যাত্রীসহ লঞ্চ দুটিকে ঢাকার উদ্দেশে ফেরত পাঠানো হয়।
পুলিশ ও নৌ পুলিশ সূত্রে জানা যায়, এমভি পাতারহাট-৫ নামের একটি লঞ্চ ঢাকার সদরঘাট থেকে ভোলার লালমোহনে যাচ্ছিল। পথে লঞ্চটির তলা ফুটো হয়ে গেলে বেলা তিনটার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লা ঘাটের কাছে এর তলা ঝালাই করে মেরামত করা হয়। এরপর আবার ভোলার উদ্দেশে রওনা হলে সাড়ে তিনটার দিকে নৌ পুলিশ লঞ্চটিকে আটক করে মুন্সিগঞ্জের কাঠপট্টি ঘাটে ভেড়ায়। এরপর বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ও সমুদ্র পরিবহন অধিদপ্তরের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে নিরীক্ষা করে সন্ধ্যার দিকে লঞ্চটিকে চলাচলের জন্য অযোগ্য ঘোষণা করে।
এদিকে, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এক হাজারের বেশি যাত্রী নিয়ে এমভি পাতারহাট-৪ কাঠপট্টি ঘাটে গিয়ে এমভি পাতারহাট-৫-এর যাত্রীদের তুলে নেওয়ার চেষ্টা করে। তখন পুলিশ পাতারহাট-৪ লঞ্চটিকেও আটক করে।
এ ব্যাপারে নৌ পুলিশের উপবিভাগীয় প্রধান আব্দুল মান্নান জানান, পাতারহাট-৫ লঞ্চটি এমনিতেই ত্রুটিপূর্ণ ছিল। এর ধারণক্ষমতা ২৫০ জন। কিন্তু লঞ্চটি যাত্রী নিয়ে যাচ্ছিল সাড়ে পাচ শ। তাই এটাকে আটক করা হয়।
মুন্সিগঞ্জের পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার জানান, পাতারহাট-৪ লঞ্চে এক হাজারের বেশি যাত্রী ছিল। এই লঞ্চেও নানা ত্রুটি রয়েছে। এ জন্য লঞ্চটি আটক করা হয়।
এসপি আরও জানান, এমভি পাতারহাট-৪ ও ৫ লঞ্চ দুটিকে রাত সাড়ে ১০টার দিকে যাত্রীসহ ঢাকায় সদরঘাটের উদ্দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে।