তলুইগাছা সীমান্তে ১৬ বাংলাদেশি গ্রেপ্তার
ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে ঢোকার সময় সাতক্ষীরার তলুইগাছা সীমান্ত থেকে গতকাল শুক্রবার নারী-শিশুসহ ১৬ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে বিজিবি। এঁদের মধ্যে সাতজন নারী, সাতজন পুরুষ ও দুটি শিশু রয়েছে। তাঁদের বাড়ি খুলনা, যশোর ও সাতক্ষীরার বিভিন্ন এলাকায়।
বিজিবি সাতক্ষীরা ৩৮ ব্যাটালিয়নের সাতক্ষীরা সদর উপজেলার তলুইগাছা বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার কবীর হোসেন বলেন, গতকাল দুপুরের দিকে একদল লোক অবৈধ পথে ভারত থেকে আসছেন শুনে তাঁরা তলুইগাছা এলাকায় অবস্থান নেন। দুপুর ১২টার দিকে ১৬ জনকে আটক করা হয়।
আটক হওয়া ব্যক্তিদের মধ্যে খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনি গ্রামের প্রিয়তোষ পাল (৩৭), তাঁর স্ত্রী ঝরনা পাল, কয়রা উপজেলার ঘড়িলাল গ্রামের গোপাল বিশ্বাস (২৯) ও তাঁর স্ত্রী অনিকা বিশ্বাস (২৬) জানান, তাঁরা কয়েক মাস আগে কাজের জন্য ভারতে গিয়েছিলেন।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল হক শেখ বলেন, তলুইগাছা ক্যাম্পের হাবিলদার আকরম হোসেন বাদী হয়ে থানায় মামলা করেছেন। আটক ব্যক্তিদের আজ শনিবার আদালতে পাঠানো হবে।