তল্লাশিচৌকিতে কাভার্ড ভ্যান পুলিশ সদস্য নিহত

গাজীপুরের শ্রীপুর উপজেলায় একটি তল্লাশিচৌকিতে রুহুল আমিন (৪৫) নামের একজন পুলিশ সদস্য দায়িত্বরত অবস্থায় কাভার্ড ভ্যানের চাপায় নিহত হয়েছেন। গতকাল সোমবার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মুলাইদ এমসি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
এটি দুর্ঘটনা নাকি হত্যাকাণ্ড—এ নিয়ে প্রশ্ন উঠেছে। গাজীপুর হাইওয়ে পুলিশের সহকারী সুপার (এএসপি) আকবর হোসেন ঘটনাটিকে ‘পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড’ বলে দাবি করেছেন। প্রত্যক্ষদর্শীদের কেউ কেউ বলেছেন, তাঁদের মনে হয়েছে ইচ্ছা করে পুলিশকে চাপা দেওয়া হয়েছে। তবে শ্রীপুর মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলালুল ইসলাম বলেছেন, এটি দুর্ঘটনা। এ ঘটনায় করা মামলায়ও এটিকে ‘দুর্ঘটনা’ উল্লেখ করা হয়েছে।
এর আগে গত ২২ অক্টোবর রাজধানীর গাবতলীতে তল্লাশিচৌকিতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে পুলিশের এএসআই ইব্রাহিম হোসেন মোল্লা নিহত হন। ৪ নভেম্বর আশুলিয়ার বারইপাড়ায় তল্লাশিচৌকিতে দুর্বৃত্তরা শিল্প পুলিশের কনস্টেবল মুকুল হোসেনকে কুপিয়ে হত্যা করে। রুহুল আমিন ময়মনসিংহের ভালুকা উপজেলার পাঁচাহার গ্রামের নূর হোসেনের ছেলে। তিনি মাওনা হাইওয়ে থানায় কনস্টেবল ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশের সূত্র বলেছে, এমসি বাজার এলাকায় মাওনা হাইওয়ে পুলিশের তল্লাশিচৌকিতে উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেনের নেতৃত্বে রুহুল আমিনসহ চারজন কনস্টেবল গতকাল সকাল আটটা থেকে দায়িত্ব পালন করছিলেন। দুপুর সোয়া ১২টার দিকে মেসার্স মজুমদার ট্রান্সপোর্ট এজেন্সির পণ্যবাহী একটি কাভার্ড ভ্যান (গাজীপুর-ট-১১-০০২৭) বেপরোয়া গতিতে আসছিল। রুহুল আমিন সড়কের এক পাশে দাঁড়িয়ে ভ্যানটিকে থামার সংকেত দেন। কিন্তু কাভার্ড ভ্যানের চালক সংকেত উপেক্ষা করে রুহুল আমিনকে চাপা দিয়ে চলে যান। ঘটনাস্থলেই রুহুলের মৃত্যু হয়। চালক কাভার্ড ভ্যান নিয়ে প্রায় এক কিলোমিটার দূরে গিয়ে রাস্তার পাশে রেখে পালিয়ে যান। পরে পুলিশ সেখান থেকে কাভার্ড ভ্যানটি আটক করে এবং লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
দুই ছেলের জনক রুহুল আমিন চাকরির সুবাদে পরিবার নিয়ে মাওনায় বোনের বাসায় ভাড়া থাকতেন। তাঁর বোন হাসিনা আক্তার বলেন, মা-বাবাকে দেখার জন্য দুই-তিন দিনের মধ্যে রুহুলের গ্রামে যাওয়ার কথা ছিল।
গাজীপুর হাইওয়ে পুলিশের এএসপি আকবর হোসেন প্রথম আলোকে বলেন, দেশের বিভিন্ন স্থানে প্রায়ই পুলিশের ওপর আক্রমণের ঘটনা ঘটছে। এখানে পুলিশের ওপর যেভাবে গাড়িটি উঠিয়ে দিয়ে চালক পালিয়ে গেছেন তাতে তাঁরা মনে করছেন, এটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড।
স্থানীয় বাসিন্দা মাজেদুল ইসলাম বলেন, ‘পুলিশ কাভার্ড ভ্যানটিকে থামার জন্য সংকেত দিচ্ছিল। কিন্তু চালক না থামিয়ে আরও বেপরোয়াভাবে পুলিশকে চাপা দিয়ে পালিয়ে যায়।’ শহিদুল ইসলাম নামের অপর এক বাসিন্দা বলেন, তিনি রাস্তার অপর প্রান্ত থেকে পুলিশের গাড়ি থামানো ও তল্লাশি করা দেখছিলেন। তাঁর মনে হয়েছে ইচ্ছা করেই গাড়িটি পুলিশকে চাপা দিয়েছে।
তবে শ্রীপুর মাওনা হাইওয়ে থানার ওসি মো. হেলালুল ইসলাম সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, এটি একটি সড়ক দুর্ঘটনা। চালকের এবং গাড়ির কোনো বৈধ কাগজপত্র না থাকায় পুলিশের সংকেত অমান্য করে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটেছে বলে তাঁরা মনে করছেন। তবে ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। তিনি বলেন, ‘এখনো কাভার্ড ভ্যান খোলা হয়নি। এর ভেতরে কী আছে তা জানা নেই।’
এ ব্যাপারে মাওনা হাইওয়ে থানার এসআই দেলোয়ার হোসেন বাদী হয়ে অজ্ঞাত চালককে আসামি করে মামলা করেছেন। মামলায়ও ঘটনাটিকে দুর্ঘটনা বলে উল্লেখ করা হয়েছে।