তল্লাশিচৌকিতে না থামায় গুলি, যুবক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংকেত অমান্য করে তল্লাশিচৌকি অতিক্রমের চেষ্টার সময় র‍্যাবের গুলিতে এক যুবক নিহত হয়েছেন বলে জানিয়েছেন সংস্থাটির কর্মকর্তারা। গতকাল শনিবার ভোরে রাজধানীর খিলগাঁওয়ে এ ঘটনা ঘটে। নিহতের কাছ থেকে দুটি বোমা উদ্ধারের দাবি করেছে র‍্যাব।

এর আগে গত শুক্রবার দুপুরে রাজধানীর আশকোনায় র‍্যাব সদর দপ্তরের ফোর্সেস ব্যারাকে আত্মঘাতী হামলা চালাতে গিয়ে অজ্ঞাতনামা হামলাকারী নিহত হন। আহত হয়েছেন র‍্যাবের দুজন সদস্য। ওই হামলাকারীর পরিচয় গতকালও পাওয়া যায়নি। এ ঘটনায় র‍্যাবের দায়ের করা মামলায় বলা হয়েছে, ওই আত্মঘাতী হামলাকারীর সঙ্গে আরও সাত-আটজন ছিলেন।

ব্যারাকে হামলার পরে র‍্যাবের সবগুলো স্থাপনায় বিশেষ সতর্কতা জারি করা হয়। এর মধ্যেই গতকাল শনিবার ভোরে রাজধানীর খিলগাঁওয়ের একটি নির্জন জায়গায় তল্লাশিচৌকি বসায় র‍্যাব, যেখানে ওই মোটরসাইকেল আরোহী নিহত হন। গতকাল সকাল সাড়ে আটটায় ওই ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, রাস্তার পাশে মৃতদেহ পড়ে আছে। গায়ে সোয়েটার ও জিনস প্যান্ট।
কাঁধে একটি ব্যাগ। পাশে লাল রঙের একটি নম্বরবিহীন মোটরসাইকেল।

রামপুরা ব্রিজ থেকে রামপুরা-ডেমরা লিংক রোড ধরে প্রায় পাঁচ কিলোমিটার গেলে মোস্তা মাঝির মোড়। মোস্তা মাঝির মোড়ের কাছেই ঘটনাস্থল। এলাকার উত্তর ও দক্ষিণ দিকে নিচু ধানখেত। আশপাশে তেমন জনবসতি নেই। স্থানীয়রা জানিয়েছেন, রাত ১০টার পর পুরো এলাকা নির্জন হয়ে যায়। কিছু মালবাহী ট্রাক বা গাড়ি চলাচল করে।

সকাল সাড়ে নয়টার দিকে ঘটনাস্থলে এক ব্রিফিংয়ে র‍্যাব-৩–এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ বলেন, ভোর পৌনে পাঁচটার দিকে ওই যুবক মোটরসাইকেলে করে তল্লাশিচৌকির কাছাকাছি আসেন। এ সময় র‍্যাব সদস্যরা তাঁকে থামতে বলেন। কিন্তু তিনি নির্দেশ অমান্য করে চলে যাওয়ার চেষ্টা করলে তাঁকে গুলি করেন র‍্যাব সদস্যরা। এতে সেখানেই পড়ে যান তিনি।

এটা র‍্যাবের নিয়মিত তল্লাশিচৌকি কি না, তা জানতে চাইলে র‍্যাব অধিনায়ক বলেন, নির্জন জায়গা হওয়ায় এখানে অসাধু লোকজন যাতায়াত করে। এ কারণে তল্লাশিচৌকি বসানো হয়।

এর আগে র‍্যাব-৩-এর অপারেশন অফিসার এ এস এম শাখাওয়াত হোসেন বলেন, মোটরসাইকেলে করে ওই যুবক তল্লাশিচৌকির কাছাকাছি আসেন। র‍্যাব সদস্যরা তাঁকে থামতে বলেন। যুবক না থেমে সঙ্গে থাকা ব্যাগ থেকে বোমাসদৃশ বস্তু ছুড়ে মারার চেষ্টা করেন। র‍্যাব সদস্যরা গুলি ছুড়লে যুবক নিহত হন।

সকাল ১০টার দিকে অধিনায়ক মুঠোফোনে প্রথম আলোকে বলেন, যুবকের শরীরে একটি বেল্ট বাঁধা রয়েছে। সেখানে কয়েকটি বোমা আছে। আর পিঠের ব্যাগ থেকে একটি বড় হাতে বানানো বোমা উদ্ধার করা হয়েছে। তবে বিকেল সোয়া পাঁচটার দিকে জানতে চাইলে তিনি বলেন, দুটো বোমা উদ্ধার করে নিষ্ক্রিয় করা হয়েছে। একটি পিঠে ছিল। আরেকটি ছিল কোমরের দিকে। কোনো বেল্ট ছিল না।

দুপুর সাড়ে ১২টায় খিলগাঁও থানা-পুলিশ নিহত যুবকের লাশ একটি ভ্যানে করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে যায়। এরপর জানতে চাইলে র‍্যাব-৩–এর উপসহকারী পরিচালক (ডিএডি) কাজী হাসানুজ্জামান প্রথম আলোকে বলেন, তাঁর নেতৃত্বে র‍্যাবের আটজন সদস্য তল্লাশিচৌকিতে ছিলেন। তাঁদের সঙ্গে একটি গাড়ি ছিল। আশপাশে র‍্যাবের আর কোনো দল ছিল না।

ডিএডি কাজী হাসানুজ্জামান একটি দল থাকার কথা জানালেও মোস্তা মাঝির ঠিক মোড়ে (ঘটনাস্থল থেকে আনুমানিক সাড়ে চার শ গজ দূরে) ছিল আরেকটি গাড়ি। ওই দলে দায়িত্ব পালন করা র‍্যাবের আরেক সদস্য প্রথম আলোকে বলেন, রাত ১২টার কিছুটা পরেই তাঁরা এই মোড়ে এসে অবস্থান নেন। তাঁদের এই জায়গায়ই থাকার নির্দেশ দেওয়া হয়। সেই সময় থেকে তাঁরা সেখানেই অবস্থান করেন। সেখানে (ঘটনাস্থলে) তল্লাশিচৌকি ছিল কি না বা কী হচ্ছে, সে বিষয়ে তাঁদের কিছুই জানানো হয়নি। সকালে গণমাধ্যমকর্মীদের কাছ থেকে জানতে পারেন ‘ক্রসফায়ারে’ একজন মারা গেছেন। ওই র‍্যাব সদস্য এই প্রতিবেদকের সঙ্গে কথা বলছেন দেখে আরেক সদস্য এগিয়ে এসে বলেন, ‘ভাই, কিছু জানার থাকলে সামনে স্যাররা আছেন, তাঁদের জিজ্ঞেস করেন।’

ঢাকা মেডিকেল কলেজ সূত্রে জান যায়, তাঁর শরীরে চারটি গুলির চিহ্ন পাওয়া গেছে। তিনটি বুকে আর একটি ডান পায়ে।

র‍্যাব ব্যারাকে হামলায় ছিল আরও সাত-আটজন

র‍্যাব সদর দপ্তরের ব্যারাকে আত্মঘাতী হামলাকারীর পরিচয় গতকাল শনিবার পর্যন্ত পাওয়া যায়নি বলে জানিয়েছে র‍্যাব। তবে গতকাল সকালে আমিরন নামে একজন নারী আশকোনায় র‍্যাবের ব্যারাকটির সামনে এসে নিহত আত্মঘাতীকে নিজের ছেলে রফিক বলে দাবি করে কান্নাকাটি শুরু করেন। পরে র‍্যাবের মুখপাত্র আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান বলেন, ‘একজন নারী এসেছেন। তিনি নিহত ব্যক্তিকে নিজের ছেলে বলে দাবি করেছেন।’ বিকেলে একজন কর্মকর্তা বলেন, নিহত ব্যক্তি ওই নারীর ছেলে নন বলে তাঁরা নিশ্চিত হয়েছেন।

শুক্রবার হামলার পরে রাতে র‍্যাবের ইনভেস্টিগেশন অ্যান্ড ফরেনসিক উইংয়ের উপপরিদর্শক (এসআই) রাশেদুজ্জামান বাদী হয়ে নিহত ব্যক্তিসহ সাত-আটজন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করে সন্ত্রাস দমন আইনে একটি মামলা করেছেন।

ওই মামলায় বলা হয়, শুক্রবার দুপুরে দুই ব্যারাকের মধ্যবর্তী গোসলখানায় বাদী রাশেদুজ্জামানসহ ছয়জন গোসল করছিলেন। একটার দিকে ল্যান্স করপোরাল মিজানুর রহমান অজ্ঞাত একজন লোককে প্রাচীর টপকিয়ে গোসলখানার দিকে আসতে দেখে তাঁকে চ্যালেঞ্জ করেন, এভাবে ভেতরে ঢোকার কারণ ও পরিচয় জিজ্ঞাসা করেন। এ সময়ই লোকটি তাঁর ডান হাত বুকের ওপর রাখার সঙ্গে সঙ্গে প্রচণ্ড বিস্ফোরণে সবাই মাটিতে লুটিয়ে পড়েন।

মামলায় বলা হয়, বিস্ফোরণের পর হজ ক্যাম্প ও আশকোনা বাজারের লোকজন জানান, বিস্ফোরণের পরে তাঁরা রাস্তার পাশ থেকে সাত-আটজন লোককে পালিয়ে যেতে দেখেছেন।

মামলায় উল্লেখ করা হয়, ‘র‍্যাবের জঙ্গি ও সন্ত্রাস দমন তৎপরতার কারণে অজ্ঞাত জঙ্গি সংগঠনের সক্রিয় সদস্যরা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে ক্ষুণ্ন করার জন্য জনসাধারণের মাঝে ভয়ভীতি সৃষ্টি করার জন্য র‍্যাবের মনোবল ধ্বংস করার উদ্দেশ্যে র‍্যাব সদস্যদের খুন-জখম করতে ওই আত্মঘাতী সন্ত্রাসী হামলা চালিয়েছে।’

 র‍্যাবের ওই ব্যারাকে কোনো সিসি ক্যামেরা ছিল না বলে জানিয়েছেন কর্মকর্তারা।