পাবনার ঈশ্বরদী রেলওয়ে জংশনে গতকাল মঙ্গলবার দুপুরে ঢাকা-কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস ট্রেনে তল্লাশির সময় বিজিবির বিরুদ্ধে হয়রানির অভিযোগ করেছেন যাত্রীরা। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী পাথর ছুড়লে বিজিবি স্টেশন ছেড়ে চলে যায়।
স্টেশন সূত্রে জানা যায়, বেলা ২টা ৩৪ মিনিটে কলকাতা থেকে মৈত্রী এক্সপ্রেস ট্রেনটি রক্ষণাবেক্ষণ ও পানি সংগ্রহের জন্য ঈশ্বরদী জংশন স্টেশনে যাত্রাবিরতি করে। আগে থেকেই সেখানে অবস্থান করা বিজিবির সদস্যরা ট্রেনটি থামার পরপরই কয়েকটি কামরায় ঢুকে তল্লাশি চালান।
প্রত্যক্ষদর্শী আসাদুর রহমান বলেন, বিজিবির সদস্যরা ট্রেনের কয়েকটি কামরার যাত্রীদের কাছ থেকে জোর করে ২৫ থেকে ৩০টি ব্যাগ ও লাগেজ টেনেহিঁচড়ে নামিয়ে আনেন। এ সময় ট্রেনযাত্রীদের চিৎকারে স্টেশনে উপস্থিত এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে বিজিবির সদস্যদের লক্ষ্য করে পাথর ছুড়তে থাকেন। এ অবস্থায় বিজিবির সদস্যরা দ্রুত স্টেশন ত্যাগ করেন।
ট্রেনযাত্রী ইমরান হোসেন অভিযোগ করেন, ‘আমার মায়ের চিকিৎসার জন্য ভারত থেকে আনা ওষুধ, চিকিৎসকের ব্যবস্থাপত্রসহ ব্যাগে প্রয়োজনীয় জিনিসপত্র ছিল। বিজিবির সদস্যরা সেই ব্যাগটি ছিনিয়ে নিয়ে যায়।’ খুলনার বনানী বিশ্বাস বলেন, বিজিবির আচরণ দেখে মনে হয়েছে তারা ট্রেনে তল্লাশি নয়, চুরি-ডাকাতি করতে উঠেছে। যেভাবে তল্লাশি করা হয়, তা আসলে যাত্রী হয়রানি ছাড়া কিছু না।
ঢাকার টিকাটুলীর ব্যবসায়ী বাপ্পি সরকার অভিযোগ করেন, চোরাচালানির মালামাল আটক করা নিয়ে তাদের কোনো আপত্তি নেই। কিন্তু বিজিবির সদস্যরা সীমান্তের চেকপোস্ট বা দর্শনা স্টেশনে তা না করে ট্রেনের যাত্রাবিরতির সময় তা করল কেন? এটা হয়রানি ছাড়া কিছু না।
কলকাতা হাওড়ার মাখন চৌধুরী বলেন, ‘আমরা মাঝেমধ্যেই মৈত্রী ট্রেনে বাংলাদেশে আসি। আগেও এ ট্রেনে তল্লাশির নামে বিজিবির এ রকম হয়রানির শিকার হয়েছি।’
ঈশ্বরদী জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, কোন ক্যাম্পের বিজিবি সদস্য ও কার নেতৃত্বে ওই অভিযান চালানো হচ্ছে, সে বিষয়ে বিজিবি তাঁদের কিছু জানায়নি। এমনকি রেল পুলিশকে নিয়ম অনুযায়ী জব্দ তালিকা না দিয়েই বিজিবির সদস্যরা চলে যান।
৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবুল কালাম আজাদ মুঠোফোনে প্রথম আলোকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মিরপুর ক্যাম্পের বিজিবি সদস্যরা গতকাল মৈত্রী ট্রেনে অভিযান চালিয়ে ভারতীয় মালামাল উদ্ধার করেন। চোরাকারবারিরা সে সময় স্টেশনে সংঘবদ্ধ হওয়ার চেষ্টা করেছিল। তিনি দাবি করেন, বিজিবির সদস্যরা যাত্রীদের কোনো বৈধ মালামাল নেয়নি। ঈশ্বরদীতে তল্লাশির কারণ সম্পর্কে বলেন, দর্শনায় তল্লাশি করতে গেলে বেশি সময় লেগে যায়। তাই ঈশ্বরদীতে অভিযান পরিচালনা করা হয়।