কারাবন্দী নেতাদের জামিনে ছাড়াতে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির সদস্যরা ডাকাতি করছেন বলে জানিয়েছে পুলিশ। গত সোমবার রাতে রাজধানীর তেজগাঁও থেকে ডাকাতির মালপত্রসহ জেএমবির সন্দেহভাজন সাত সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল মঙ্গলবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন পুলিশের কাউন্টার টেরোরিজম ও ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম।
সংবাদ সম্মেলনে বলা হয়, সোমবার রাতে তেজগাঁওয়ে অভিযান চালিয়ে সাতজনকে গ্রেপ্তার করে সিটিটিসি এবং পুলিশ সদর দপ্তরের আড়িপাতা (এলআইসি) শাখা। এই সাতজন হলেন মো. কাশেম ওরফে কাউছার ওরফে কাশু (২০), নাজমুল হাসান ওরফে নয়ন ওরফে নরেশ (২৩), মো. রাশেদ ওরফে কাকলীর বাবা (২৭), মো. সেন্টু হাওলাদার ওরফে জাহিদ (২৬), মো. আবুবক্কর সিদ্দিক ওরফে শুভ্র ওরফে আকাশ (২০), মো. আবদুল বাছেদ (২২) ও মো. জুয়েল সরকার ওরফে সোহরাব ওরফে সরকার (৩২)। তাঁদের কাছ থেকে ৬৭ ভরি স্বর্ণালংকার, চারটি পিস্তল, পাঁচটি ম্যাগাজিন, ১০টি গুলি, ছয় লাখ টাকা, স্বর্ণ পরিমাপের চারটি যন্ত্র, দুটি ল্যাপটপ, চারটি ক্যামেরা, নয়টি চাপাতি, দুটি রামদা, একটি মোটরসাইকেলসহ প্রচুর জিনিসপত্র ও রাসায়নিক উদ্ধার করা হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গত জুনে বনানী থানায় এবং অক্টোবরে তেজগাঁও থানায় দুটি ডাকাতি মামলার তদন্তের সূত্র ধরে পুলিশ সদর দপ্তরের সহায়তায় তেজগাঁওয়ের একটি বাড়ি থেকে এ সাতজনকে গ্রেপ্তার করা হয়।
সংবাদ সম্মেলনে মনিরুল ইসলাম বলেন, গ্রেপ্তার করা ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, কারাগারে আটক নেতাদের জামিনে বের করে আনার জন্য নামী আইনজীবী রাখতে অর্থ সংগ্রহের জন্যই তাঁরা মূলত ডাকাতি করে থাকেন। তাঁরা জানিয়েছেন, বেশ কিছু বিস্ফোরক দ্রব্যও তাঁরা সংগ্রহ করছেন। যেসব নেতাকে তাঁরা জামিনে বের করতে পারবেন, তাঁদের বের করবেন আর যাঁদের পারবেন না, তাঁদের পুরোনো কৌশলে ছিনিয়ে নেবেন। তাঁদের বাকি সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। তাঁদের কাছ থেকে কয়েকজনের তথ্য ও নাম পাওয়া গেছে।
নব্য জেএমবির সঙ্গে তাঁদের (জেএমবি) কোনো যোগাযোগ আছে কি না, জানতে চাইলে মনিরুল বলেন, নব্য জেএমবির সঙ্গে তাঁদের কোনো সম্পর্ক বা অর্থ লেনদেনের বিষয়ে এখনো কোনো তথ্য তদন্তে পাওয়া যায়নি। তবে পুরোনো জেএমবির সঙ্গে আনসার আল ইসলামের সম্পর্ক রয়েছে এবং তারা চাইছে একসঙ্গে (এক ব্যানারে) কাজ করতে। সে বিষয়ে তাদের মধ্যে আলাপ-আলোচনা চলছে।
এর আগে গত বছরের ২১ এপ্রিল আশুলিয়ার কাঠগড়ায় বাংলাদেশ কমার্স ব্যাংকের একটি শাখায় ডাকাতি করতে গিয়ে গুলি, বোমা হামলা ও ছুরিকাঘাত করে ব্যাংক ব্যবস্থাপকসহ আটজনকে হত্যা করা হয়। পরে তদন্তে বেরিয়ে আসে তহবিল সংগ্রহের জন্য জেএমবি সদস্যরা এ ঘটনা ঘটিয়েছেন।