তহবিল সংগ্রহের জন্য চট্টগ্রামের সদরঘাটে ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

চট্টগ্রাম নগরের সদরঘাটে গত মাসে প্রায় সাড়ে পাঁচ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) এক সদস্য। সংগঠনের তহবিল সংগ্রহের জন্য সেদিন আটজন ছিনতাইয়ে অংশ নেন।
গতকাল শনিবার বিকেলে চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ আবদুল কাদেরের খাসকামরায় এই জবানবন্দি দেন জেএমবির সদস্য মিনহাজুল ইসলাম ওরফে সাজিল ওরফে সজীব। বুলেটপ্রুফ জ্যাকেট ও হেলমেট পরিয়ে তাঁকে আদালতে হাজির করা হয়। তবে আদালতে তাঁর কোনো স্বজন কিংবা আইনজীবী ছিলেন না।
গত বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার কেদারপুর এলাকা থেকে মিনহাজুলকে গ্রেপ্তার করে চট্টগ্রাম নগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তাঁর বাড়ি মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার মধ্যম সোনাপাড়া এলাকায়।
গত ২৩ সেপ্টেম্বর রাতে চট্টগ্রামের সদরঘাটে ছিনতাইয়ের সময় গ্রেনেড বিস্ফোরণে দুই জঙ্গি নিহত হন। এ সময় জঙ্গিদের গুলিতে একটি ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যবস্থাপকও মারা যান। তবে ছিনতাই করা টাকা নিয়ে যেতে পারেনি জঙ্গিরা। এ মামলার তদন্ত করতে গিয়ে ৫ অক্টোবর কর্ণফুলী থানার খোয়াজনগর এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে গ্রেনেড, অস্ত্র-গুলিসহ পাঁচ জেএমবি সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাঁদের মধ্যে জেএমবি চট্টগ্রামের ‘সামরিক প্রধান’ জাবেদও ছিলেন। পরদিন তাঁকে নিয়ে নগরের অক্সিজেনের অনন্যা আবাসিক এলাকায় গ্রেনেড উদ্ধারে যায় পুলিশ। সেখানে সহযোগীদের ছোড়া গ্রেনেড বিস্ফোরণে জাবেদ নিহত হন বলে পুলিশ দাবি করে।
ছিনতাই মামলার তদন্ত কর্মকর্তা নগর ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) সন্তোষ কুমার চাকমা বলেন, জবানবন্দিতে মিনহাজুল উল্লেখ করেছেন, তহবিল সংগ্রহের জন্য তাঁদের নেতা ফারদিনের নির্দেশে এ ছিনতাইয়ের পরিকল্পনা করা হয়। আটজন অংশ নেন ছিনতাইয়ে। কিন্তু গ্রেনেড বিস্ফোরণে দুজন নিহত হওয়া এবং এলাকাবাসীর ধাওয়ার কারণে ছিনতাই করা টাকা নিয়ে যেতে পারেননি তাঁরা।
নগর ডিবি কার্যালয়ে গতকাল দুপুরে সাংবাদিকদের কাছে মিনহাজুল দাবি করেন, ইসলাম প্রতিষ্ঠার জন্য তাঁরা এ কাজে নেমেছেন। তাঁদের দাওয়াহ, গোয়েন্দা, অভিযান ও বিশেষ বিভাগ (অস্ত্র-গুলি) রয়েছে।
মিনহাজুলকে গ্রেপ্তারের বিষয়ে চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. বাবুল আক্তার প্রথম আলোকে বলেন, টাঙ্গাইলের কেদারপুর এলাকায় খালার বাসা থেকে মিনহাজুলকে গ্রেপ্তার করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে কুমিল্লার পদুয়াবাজার এলাকার একটি গ্যারেজ থেকে ছিনতাইকাজে ব্যবহৃত মাইক্রোবাসটি উদ্ধার করা হয়েছে। গাড়িটির মালিকানা যাচাই-বাছাই চলছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিনহাজুল পুলিশকে জানিয়েছে, তহবিল সংগ্রহের জন্য সদরঘাট এলাকায় মেসার্স সাহা করপোরেশনের টাকা ছিনতাইয়ের পরিকল্পনা করেন তাঁরা। ছিনতাই করার সময় তাঁর কাছে ছিল একে ২২ রাইফেল। আরেকটি একে ২২ রাইফেল ছিল গ্রেনেড বিস্ফোরণে নিহত রবিউল ইসলামের কাছে।
ছিনতাই মামলার তদন্ত কর্মকর্তা জানান, পরিকল্পনা অনুযায়ী মিনহাজ ও রবিউল নগরের অক্সিজেন থেকে বাসে করে নিউমার্কেটে আসেন ঘটনার দিন। নিউমার্কেট থেকে পায়ে হেঁটে গিয়ে তাঁরা ফিরিঙ্গিবাজার গলির ভেতরে অপেক্ষায় থাকেন। মিনহাজের ব্যাগে একটি একে ২২ রাইফেল ও গুলি এবং রবিউলের ব্যাগে একটি একে ২২ রাইফেল, গুলিসহ পাঁচটি গ্রেনেড ছিল। সেদিন গ্রেনেড বিস্ফোরণে রফিক ও রবিউল মারা যান। আহত হলে পিয়াস ও ফারদিন ফেনীতে গিয়ে হাসপাতালে ভর্তি হন।
আত্রাইয়ে জেএমবি সদস্য গ্রেপ্তার: আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি জানান, নওগাঁর আত্রাই উপজেলার পাঁচপাকিয়া বিহারিপুর গ্রাম থেকে গতকাল সকালে জেএমবির এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বাড়ি ওই গ্রামে। পুলিশ বলছে, গ্রেপ্তার আবুল হোসেন বাংলা ভাইয়ের সেকেন্ড ইন কমান্ড হিসেবে দায়িত্ব পালন করেছেন। এখন এলাকায় নতুন করে জেএমবিকে সংগঠিত করছেন।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল-মাসউদ চৌধুরী বলেন, থানায় আবুল হোসেনর বিরুদ্ধে পাঁচটি হত্যা মামলা রয়েছে।