তহবিল সংগ্রহের জন্যই ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাহফুজুল ইসলাম
মাহফুজুল ইসলাম

আশুলিয়ার কমার্স ব্যাংকে ডাকাতির আগে হাতে আঁকা ‘ছক’ প্রস্তুত করা হয়েছিল। সঙ্গে নেওয়া হয়েছিল পিস্তল, রাইফেল, গ্রেনেড, ছুরি ও পেট্রল। গ্রেনেডের অংশবিশেষ চীন থেকে আনা বলে জানিয়েছে পুলিশ।
এই ডাকাতির সঙ্গে জড়িত সন্দেহে আরও একজনকে গ্রেপ্তারের পর গতকাল রোববার এ তথ্য জানিয়েছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম মাহফুজুল ইসলাম ওরফে শামীম ওরফে সুমন (৩৫)। গত শনিবার রাতে রাজধানীর উত্তর বাড্ডার একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, এ ঘটনায় সমন্বয়কের দায়িত্ব পালন করেছিলেন মাহফুজুল। তিনি আনসারুল্লাহ বাংলা টিমের একটি উপদলের নেতৃত্ব দিচ্ছেন।
গতকাল ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে এ বিষয়ে সংবাদ সম্মেলন হয়। এতে বক্তব্য দেন ঢাকা জেলার পুলিশ সুপার হাবিবুর রহমান।
গত ২১ এপ্রিল রাজধানীর কাছে আশুলিয়ার কাঠগড়ায় এই ব্যাংক ডাকাতির ঘটনায় এক ডাকাতসহ নয়জন নিহত হন। পুলিশ বলছে, জঙ্গি কার্যক্রমের তহবিল সংগ্রহের জন্য ব্যাংক ডাকাতি করা হয়। এতে নেতৃত্ব দিয়েছিলেন মাহফুজুল।
পুলিশ আরও জানিয়েছে, গত বছরের ২৩ ফেব্রুয়ারি ময়মনসিংহের ত্রিশালে পুলিশকে হত্যা করে তিন জঙ্গিকে ছিনতাইয়ের ঘটনায়ও মাহফুজুল জড়িত থাকতে পারেন। সেই প্রিজন ভ্যান থেকে পালিয়ে যাওয়া জঙ্গি সালাহউদ্দিন ওরফে সালেহীনের সঙ্গে মাহফুজুলের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। সালেহীনের সঙ্গে নেতৃত্ব নিয়ে দ্বন্দ্বের কারণে মাহফুজুল জেএমবি ছেড়ে আনসারুল্লাহ বাংলা টিমে যোগ দেন বলে দাবি পুলিশের। প্রিজন ভ্যান থেকে পালিয়ে যাওয়া তিনজনের মধ্যে একজন ওই দিনই ধরা পড়ে পুলিশের কথিত বন্দুকযুদ্ধে নিহত হন। অন্য দুজন সালেহীন ও জাহিদুল ইসলাম ওরফে বোমা মিজান এখনো পলাতক।
ডাকাতির মামলাটির তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) দীপক চন্দ্র সাহা বলেন, মাহফুজুলসহ এই মামলায় এখন পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য ১০ জন হলেন: বোরহান, আল আমিন ওরফে সাইফুল, মিন্টু প্রধান, বাবুল সরদার, সোহেল (ব্যাংকের নিরাপত্তাকর্মী), জসিমউদ্দীন, হারুন উর রশীদ, আবদুল বাতেন, মোজাম্মেল হক ও উকিল হাসান ওরফে মেহেদী হাসান। এঁদের পাঁচজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এতে মাহফুজুলের নাম এসেছে।
সাভার সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) নাজমুল হাসান প্রথম আলোকে বলেন, মাহফুজুলের পরিকল্পনা অনুযায়ী ডাকাতির ঘটনা ঘটেছে। টঙ্গীতে বাসা ভাড়া নিয়ে মাহফুজুল অন্যদের প্রশিক্ষণ দিতেন। মাহফুজুলের স্ত্রী রেঁধে খাওয়াতেন। টঙ্গীর এই জঙ্গি আস্তানা থেকে জঙ্গিদের বিভিন্ন সময় টর্চলাইট, গ্যাসলাইটার ইত্যাদি ছোটখাটো পণ্যের ফেরিওয়ালা হিসেবে বিভিন্ন জায়গায় পাঠাতেন মাহফুজুল। ডাকাতির আগে ব্যাংকের ভেতরে একাধিকবার গিয়েছিলেন তিনি। ব্যাংকের ভেতরের বিভিন্ন অংশের চিত্রও তিনি হাতে এঁকে সবাইকে বুঝিয়েছেন। ডাকাতির জন্য তিনটি দলে বিভক্ত হয়ে ১২ জনের মতো অংশ নিয়েছিলেন। মাহফুজুলসহ ছয়জন ব্যাংকের ভেতরে ঢোকেন। একপর্যায়ে মসজিদের মাইকে ডাকাত প্রতিরোধের ঘোষণা দেওয়ার পর জনতা এগিয়ে এলে মাহফুজুল ব্যাংকের জানালা দিয়ে তাঁর টুটু বোর রাইফেল দিয়ে প্রথম গুলিটি করেন। নিহত ব্যক্তিদের বেশির ভাগ তাঁর রাইফেলের গুলিতেই মারা যান। ঘটনার পর থেকে মাহফুজুল উত্তর বাড্ডায় তাঁর ভাইয়ের বাড়িতে লুকিয়ে ছিলেন। শনিবার রাতে সেখান থেকেই তাঁকে গ্রেপ্তার করা হয়।
এসপি হাবিবুর রহমান বলেন, ডাকাতি শেষে সিসি ক্যামেরার ডিভিআর বক্স (যেখানে ফুটেজ সংরক্ষিত হয়) পেট্রল ঢেলে পুড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল। পরে সিসি ক্যামেরার ফুটেজ রেকর্ড হচ্ছে না নিশ্চিত হয়ে তারা সেটি করেনি।
এএসপি নাজমুল বলেন, এর আগে ১০ মার্চ গাজীপুরের বোর্ডবাজারে এক বিকাশ এজেন্টকে খুন করে পাঁচ লাখ টাকা লুট করেছিল মাহফুজুলের নেতৃত্বে একটি দল। জনতার হাতে আটক আল আমিনও সেই দলে ছিলেন। আল আমিন জবানবন্দিতে এ কথা স্বীকারও করেছেন।
পুলিশ জানায়, ২০১৩ সালের আগস্টে বগুড়া সদর থানা এলাকায় জঙ্গিদের একটি প্রশিক্ষণ শিবিরে অভিযান চালিয়ে র্যাব প্রচুর অস্ত্র উদ্ধার করে। সেই প্রশিক্ষণ শিবিরে তখন প্রশিক্ষণ নিচ্ছিলেন মাহফুজুল। তবে গ্রেপ্তার এড়িয়ে তিনি প্রশিক্ষণের একটি রাইফেল নিয়ে পালিয়ে যান।
পুলিশ জানায়, মাহফুজুলের বাড়ি জামালপুরে। ২০০১ সাল থেকে তিনি জেএমবির কার্যক্রমে জড়িত। কিন্তু এবারই প্রথম গ্রেপ্তার হলেন।