তাঁতশ্রমিকের লাশ উদ্ধার
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা থেকে এক তাঁতশ্রমিকের লাশ উদ্ধার করেছে থানা-পুলিশ। আজ শুক্রবার সকালে উপজেলার রায়গঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড এলাকার লক্ষ্মীকোলার একটি পুকুরে ওই তাঁতশ্রমিকের লাশ ভেসে থাকতে দেখা যায়।
নিহত শ্রমিকের নাম সুজন আলী (২০)। তিনি উপজেলার ধানগড়া ইউনিয়নের রৌহা গ্রামের হযরত আলীর ছেলে। সুজন লক্ষ্মীকোলা এলাকায় তাঁতশ্রমিকের কাজ করতেন।
পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত বুধবার রাত থেকে সুজন নিখোঁজ ছিলেন। আজ সকালে পুকুরে লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন রায়গঞ্জ থানায় খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
প্রতিবেশী ও ধানগড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান শামসুল ইসলাম বলেন, কাজ শেষে প্রতিদিন বাড়ি ফিরে আসতেন সুজন। কিন্তু বুধবার রাতে তিনি বাড়ি আসেননি। গতকাল বৃহস্পতিবার সারা দিন তাঁর খোঁজ করেও পাওয়া যায়নি।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল আলম বলেন, সুজন আলীর লাশ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলে তিনি জানান।