তাঁদের বাড়িতেও অবৈধ গ্যাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
থানার পেছনে আশুলিয়া থানার ওসি বদরুল আলমের বাড়ি l প্রথম আলো
থানার পেছনে আশুলিয়া থানার ওসি বদরুল আলমের বাড়ি l প্রথম আলো

ঢাকার আশুলিয়া ও সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং এক উপপরিদর্শকের (এসআই) বাড়িতে অবৈধ গ্যাস-সংযোগ রয়েছে। গত শনিবার আশুলিয়ার কাইচাবাড়ি এলাকায় অবৈধভাবে নেওয়া গ্যাসলাইনে আগুন ধরার খবর পেয়ে সরেজমিনে গেলে এ তথ্য পাওয়া যায়।
তিতাস গ্যাসের সাভার আঞ্চলিক বিপণন বিভাগের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) আবু জাফর সুলতান আহমেদ বলেন, অবৈধ সংযোগ গ্রহণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য সাভার ও আশুলিয়া থানায় এরই মধ্যে বেশ কয়েকটি মামলা হয়েছে। শিগগিরই ম্যাজিস্ট্রেটের সহায়তা নিয়ে এসব অবৈধ লাইন উচ্ছেদ করা হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘পুলিশের কর্মকর্তারাই যদি অবৈধভাবে সংযোগ নেন তাহলে আমরা যাব কোথায়।’
আশুলিয়া থানার পাশে অবস্থিত সম্ভার নামের ফিলিং স্টেশন থেকে কয়েক শ গজ পশ্চিম দিকে এগোলেই কাইচাবাড়ি এলাকা। ওই এলাকার এক পাশে রয়েছে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ডিইপিজেড) সীমানাপ্রাচীর। ওই প্রাচীর-ঘেঁষে গড়ে উঠেছে পুলিশ কলোনি। সেখানে রয়েছে আশুলিয়া থানার ওসি বদরুল আলম, সাভার মডেল থানার ওসি মোস্তফা কামাল এবং এসআই ফরিদ আহাম্মেদসহ আরও কয়েকজন পুলিশ কর্মকর্তার বাড়ি। এসব পুলিশ কর্মকর্তাসহ আশপাশের সব বাড়িতেই গ্যাসের অবৈধ সংযোগ রয়েছে বলে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন। তবে নাম উল্লেখ করা ওই তিন কর্মকর্তার বাড়িতে অবৈধ সংযোগ থাকার বিষয়টি সুনির্দিষ্টভাবে জানা গেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, বছর খানেক আগে ওসি বদরুল তাঁর স্ত্রী মাসুমা আলমের নামে আর ওসি মোস্তফা কামাল তাঁর স্ত্রী খন্দকার শামীমা হাসানের নামে এবং এসআই ফরিদ আহাম্মেদ নিজের নামে কাইচাবাড়ি এলাকার গণকবাড়ি মৌজা থেকে ৬ শতাংশ করে জমি কেনেন। সম্প্রতি ওসি বদরুল সেখানে তিনতলা দৃষ্টিনন্দন বাড়ি নির্মাণ করেন। ওই বাড়ির পাশেই আধা পাকা বাড়ি নির্মাণ করেছেন মোস্তফা কামাল ও ফরিদ আহাম্মেদ। চার মাস আগে তাঁরা বাড়িতে অবৈধভাবে গ্যাসের সংযোগ নেন।
ওসি মোস্তফা কামালের বাড়ির পাশের বাসিন্দা স্থানীয় সাংবাদিক ওবায়দুর রহমান প্রথম আলোকে বলেন, ওই পুলিশ কর্মকর্তারাসহ তিনিও অবৈধভাবে গ্যাসের সংযোগ নেন। এ জন্য ঠিকাদারকে মোটা অঙ্কের টাকা দিতে হয়েছে। তিনি নিজে দিয়েছেন ১০ হাজার টাকা। টাকা পাওয়ার পর ওই ঠিকাদার তিতাসের সংযোগযান এনে বাড়ি বাড়ি সংযোগ দিয়ে যান।
পুলিশের ওই তিন কর্মকর্তা তাঁদের বাড়িতে অবৈধভাবে গ্যাস-সংযোগ নেওয়ার কথা স্বীকার করেছেন। তাঁদের একজন বলেন, ‘সবাই নিয়েছে, আমরা নিলে দোষের কী।’ অপর দুজনও একই সুরে কথা বলেন।
তিতাস গ্যাসের সাভার আঞ্চলিক বিপণন বিভাগের ব্যবস্থাপক প্রকৌশলী রতন চন্দ্র দে বলেন, সম্ভার ফিলিং স্টেশন থেকে ছয় ইঞ্চি ব্যাসার্ধের পাইপলাইনে কাইচাবাড়ি এলাকায় গ্যাস সরবরাহ করা হয়েছে। ওই লাইন থেকে কোনো গ্রাহককে সংযোগ দিতে হলে অবশ্যই ভাল্ব পিট কাভার্ড নির্মাণ করে গ্যাসের গতি নিয়ন্ত্রণের মাধ্যমে সংযোগ দিতে হবে। অন্যথায় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। আর এই পিট ভাল্বের অনুমোদন দেয় তিতাসের প্রধান কার্যালয়। কিন্তু ভাল্ব পিট কাভার্ড নির্মাণ ছাড়াই কাইচাবাড়ি এলাকার প্রভাবশালী একটি মহল শতাধিক বাড়িতে অবৈধভাবে গ্যাসের সংযোগ নিয়েছেন। যাঁদের মধ্যে কয়েকজন পুলিশ কর্মকর্তাও রয়েছেন বলে তাঁরা অভিযোগ পেয়েছেন।