তাঁর পেটে পৌনে দুই কেজি সোনা!
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর পেট থেকে ১৫টি সোনার বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের একটি দল। এগুলোর ওজন ১ কেজি ৭৫০ গ্রাম।
শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা জানান, আজ মঙ্গলবার সকাল ১০টায় ‘ফ্লাই দুবাই’–এর একটি উড়োজাহাজে দুবাই থেকে শাহাদত হোসেন নামের এক যাত্রী চট্টগ্রামে আসেন। তাঁর হাঁটাচলায় সন্দেহ হলে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা তাঁকে জিজ্ঞাসাবাদ করেন। এ সময় তাঁকে আর্চওয়ে দিয়ে হাঁটানোর পর সংকেত পাওয়া যায়। এরপরও ওই যাত্রী তাঁর কাছে সোনা থাকার কথা অস্বীকার করেন। পরে বন্দর হাসপাতালে নিয়ে পেট কেটে সোনা বের করার কথা জানালে ভয়ে তিনি পেটে সোনা থাকার কথা স্বীকার করেন। শাহাদতের বাড়ি চট্টগ্রামের আনোয়ারায়।
কর্মকর্তারা জানান, স্বীকার করার পরই শাহাদতকে লুঙ্গি ও একটি ঝুড়ি দিয়ে শৌচাগারে পাঠানো হয়। শৌচাগার থেকে বের হয়ে ঝুড়িতে থাকা সোনার বার শুল্ক গোয়েন্দা কর্মকর্তাদের হাতে তুলে দেন তিনি। এ ছাড়া তাঁর ব্যাগ থেকে ১০০ গ্রাম ওজনের স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে।
কোনো যাত্রীর পেটের ভেতর থেকে এবারই সবচেয়ে বেশি ওজনের সোনার বার উদ্ধার করা হলো বলে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন। এর আগে পেটের ভেতর থেকে সর্বোচ্চ দেড় কেজি ওজন পর্যন্ত সোনার বার উদ্ধার হয়েছিল।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী পরিচালক তারেক মাহমুদ প্রথম আলোকে বলেন, শাহাদতের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। মামলা হওয়ার পরই তাঁকে থানায় হস্তান্তর করা হবে।
পৃথক ঘটনায় আরেক যাত্রীর স্পর্শকাতর জায়গা থেকে চারটি সোনার বার উদ্ধার করা হয়েছে। আবুল বাসার নামের ওই যাত্রী মাসকট থেকে আজ সকাল আটটায় রিজেন্ট এয়ারওয়েজের একটি উড়োজাহাজে চট্টগ্রামে আসেন। তাঁর বাড়ি চট্টগ্রামের ফটিকছড়িতে।