তাঁর ভুল হয়ে গেছে
গ্রাহকদের পৌনে তিন লাখ টাকা আত্মসাতের অভিযোগে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ব্রাইট গ্রিন অ্যানার্জি ফাউন্ডেশন নামে একটি বেসরকারি সৌরবিদ্যুৎ প্রতিষ্ঠানের ব্যবস্থাপক জাকারিয়াকে থানা-পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। জাকারিয়া তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ স্বীকার করে বলেছেন, তাঁর ভুল হয়ে গেছে।
গত শুক্রবার রাতে কর্তৃপক্ষ তাঁকে থানায় সোপর্দ করে। জাকারিয়ার বাড়ি ফেনী সদর উপজেলার লেমুয়া গ্রামে।
প্রতিষ্ঠানটির সুজাতপুর বাজার শাখা ও গ্রাহকদের কয়েকজন বলেছেন, প্রতিষ্ঠানটির গ্রাহকসংখ্যা ১৮৬। ব্যবস্থাপক জাকারিয়া দুই বছর ধরে নিজে ও কর্মচারী দিয়ে গ্রাহকদের কাছে সৌর প্যানেল, ব্যাটারি বিক্রি এবং এর মাসিক কিস্তির টাকা আদায় করলেও তা ব্যাংকে জমা দেননি। সন্দেহ হলে গ্রাহকেরা বিষয়টি ঢাকায় প্রধান কার্যালয়ে জানান। কর্তৃপক্ষ তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে। গত বৃহস্পতিবার তদন্তে দুই লাখ ৭৭ হাজার টাকা আত্মসাতের অভিযোগের সত্যতা মেলে। গত শুক্রবার সন্ধ্যা পর্যন্ত কমিটি জিজ্ঞাসাবাদ করে রাতে তাঁকে থানায় সোপর্দ করে এবং একটি লিখিত অভিযোগ দায়ের করে।
গ্রাহক পারভিন আক্তার বলেন, দুই মাস আগে ওই ব্যবস্থাপকের কাছে ৩৫ হাজার টাকা দিয়ে ৭৫ ওয়াট সৌরবিদ্যুতের সংযোগ নিয়েছেন। পরে খোঁজ নিয়ে জানতে পারেন, ১০ হাজার টাকা জমা হয়েছে। অভিযোগ স্বীকার করে জাকারিয়া বলেন, নিজের প্রয়োজনে কিছু টাকা নিয়েছেন। তাঁর ভুল হয়েছে।
প্রতিষ্ঠানের মতলব উত্তর ও দক্ষিণ আঞ্চলিক ব্যবস্থাপক ও তদন্ত কমিটির সদস্য মনিরুজ্জামান বলেন, তদন্তে আত্মসাতের প্রমাণ পাওয়া গেছে। চূড়ান্ত তদন্ত শেষে তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মাহবুবুর রহমান জানান, লিখিত অভিযোগের ভিত্তিতে ওই ব্যবস্থাপককে আটক করা হয়েছে। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা চলছে।