তাঁর শরীরে বিশেষ কৌশলে বাঁধা ছিল ৫০টি গুলি
চট্টগ্রাম নগরে ৫০টি গুলিসহ মো. ওয়াসিম (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গুলিগুলো তাঁর শরীরে বিশেষ কৌশলে বাঁধা ছিল। আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নগরের সিটি গেট এলাকায় একটি বাসে তল্লাশি চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
আগামী বৃহস্পতিবার চট্টগ্রামের সন্দ্বীপ, সীতাকুণ্ড ও মিরসরাইয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পুলিশের ধারণা সন্দ্বীপে নির্বাচনে সহিংসতা সৃষ্টির জন্য অবৈধ গুলিগুলো নিয়ে যাচ্ছিলেন ওয়াসিম। তিনি সন্দ্বীপ উপজেলার বাউনিয়া এলাকার মৃত আমান উল্লাহর ছেলে।
আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সদীপ কুমার দাশ প্রথম আলোকে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিটি গেট এলাকায় একটি বাসে তল্লাশি চালিয়ে যাত্রী ওয়াসিমের শরীরের সঙ্গে বিশেষ কৌশলে বাঁধা ৫০টি গুলি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, সন্দ্বীপে নির্বাচনে সহিংসতা সৃষ্টি করতে এই গুলি ব্যবহার করা হতো। এই ঘটনায় গ্রেপ্তার ওয়াসিমের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।