তাঁরা কুৎসিত ও বিকারগ্রস্ত পাষণ্ড: মিজান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিজানুর রহমান। ফাইল ছবি
মিজানুর রহমান। ফাইল ছবি

বর্ষবরণ উৎসবে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার নারী লাঞ্ছিত হওয়ার ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ক্ষেত্রে কালক্ষেপণ বা দীর্ঘসূত্রতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মনে করে কমিশন। 
আজ সোমবার সকালে জাতীয় মানবাধিকার কমিশন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান। সংবাদ সম্মেলনে কমিশনের সার্বক্ষণিক সদস্য রিয়াজুল হক, সদস্য মাহফুজা খানম ও অ্যারোমা দত্ত বক্তব্য দেন।
মিজানুর বলেন, ‘নববর্ষে যা ঘটেছে, তাতে কমিশন বিস্মিত, মর্মাহত ও লজ্জিত। আমরা সব নারীর কাছে ক্ষমাপ্রার্থী। এ ঘটনা আবারও স্মরণ করিয়ে দিচ্ছে-কী হিংস্রতা ও নগ্নতা আমাদের মনের গহিনে বাসা বেঁধেছে। যারা এই ঘটনা ঘটিয়েছে, তারা কুৎসিত ও বিকারগ্রস্ত পাষণ্ড।’
মিজানুর রহমান অভিযোগ করেন, পরিকল্পিতভাবেই সেদিনকার ঘটনা ঘটানো হয়েছে। নারী লাঞ্ছনার ঘটনার পেছনে ধর্মান্ধতা ও পুরুষতন্ত্র কাজ করেছে-এমনটা উল্লেখ করে মিজানুর বলেন, ধর্মের অপব্যাখ্যা দিতে যাঁরা সুবিধা নিতে চান, যাঁরা জনপরিসরে নারীর উপস্থিতি ও অংশগ্রহণ স্বাভাবিকভাবে মেনে নিতে পারেন না, যাঁরা মনে করেন পয়লা বৈশাখ উদ্‌যাপন ইসলামের সঙ্গে সাংঘর্ষিক, যাঁরা এই সর্বজনীন রূপকে পছন্দ করেন না, তাঁরাই এই ঘটনা ঘটিয়েছেন। দ্বিতীয়ত, পুরুষতন্ত্রের ভাবাদর্শ দ্বারা যারা জর্জরিত, তাদেরই জনপরিসরে নারী দেখে বুনো শুয়োরের মতো গজগজ করছে।
এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মিজানুর। তিনি বলেন, পুলিশ অপরাধীদের ধরা, সিসি ক্যামেরা দেখে অভিযুক্তদের চিহ্নিত করা-এসব ক্ষেত্রে অনাগ্রহ দেখিয়েছে। সমাজের বিভিন্ন অংশ থেকে প্রতিবাদ হওয়ার পর পুলিশ কিছুটা তত্পর হয়েছে। কিন্তু তা যেন লোক দেখানো না হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকেও ঘটনার তদন্ত করা দরকার।
গণমাধ্যমের উদ্দেশে মিজানুর রহমান বলেন, ‘এই ঘটনার সংবাদ তুলে ধরে গণমাধ্যম দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে। তবে সিটি করপোরেশনের নির্বাচনের খবরের ভিড়ে যেন এই সংবাদ হারিয়ে না যায়। গণমাধ্যম যেন নিয়মিত এ ব্যাপারে সজাগ দৃষ্টি রাখে’।
সিটি করপোরেশনের নির্বাচনের মেয়র প্রার্থীরা নারী নিপীড়ন নিয়ে কিছু না বলায় ক্ষোভ প্রকাশ করে মিজানুর বলেন, ‘আগামী দিনে যাঁরা নগরপিতা হবেন, তাঁদের নীরবতায় আমরা বিচলিত। যৌন হয়রানি বন্ধে তাদেরও সুস্পষ্ট অঙ্গীকার চাই।’
মাহফুজা খানম বলেন, ‘এই উত্সব উপলক্ষে তিন স্তরের নিরাপত্তা ছিল। তাহলে কী করল তারা? ’
অ্যারোমা দত্ত বলেন, ধর্মান্ধতা ক্যানসারের মতোই বেড়ে চলেছে। এটা বাংলাদেশের নারীদের জন্য হুমকি।
ভবিষ্যতে এ ধরনের ঘটনা রুখতে প্রগতিশীল সব সামাজিক ও রাজনৈতিক শক্তিকে এক হয়ে কাজ করার দাবি জানিয়েছে মানবাধিকার কমিশন।