তাঁরা দুজন ভাই বটে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বড় ভাই মনজুর আলম ট্রাকচালক। ছোট ভাই কামাল হোসেন তাঁর সহকারী। দুজনে কক্সবাজার থেকে ট্রাকে করে চট্টগ্রাম নগরে নিয়ে আসছিলেন এক হাজার ইয়াবা বড়ি। চাকার মাড গার্ডের ভেতরে লুকিয়ে রাখা হয়েছিল ওই ইয়াবা। গতকাল শুক্রবার সকালে দুজনই পুলিশের অভিযানে ধরা পড়েছেন।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন প্রথম আলোকে বলেন, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে গতকাল সকাল সাড়ে সাতটার দিকে নগরের কালামিয়া বাজারের লিজা কমিউনিটি সেন্টারের সামনে ইয়াবা বহনকারী ট্রাকটি থামানো হয়।
ট্রাকচালক মনজু ও তাঁর ভাইকে ব্যাপক জিজ্ঞাসাবাদের পর তাঁরা ইয়াবা বহনের বিষয়টি স্বীকার করেন। তাঁদের স্বীকারোক্তির ভিত্তিতে গাড়ির চাকার মাড গার্ডের ভেতর থেকে জব্দ করা হয় এক হাজার ইয়াবা বড়ি। এ ব্যাপারে মামলা হয়েছে।
এ ছাড়া গতকাল সকাল সাড়ে ১০টার দিকে নগরের শাহ আমানত সেতু এলাকায় অভিযান চালিয়ে স্বদেপ কর্মকার নামের এক ব্যক্তিকে ৫০০ ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। বাকলিয়া থানার ওসি জানান, এ ঘটনাতেও মামলা হয়েছে।