তাই বলে এমন ভুল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সরকারি সিটি কলেজের নোটিশ বোর্ডে গতকাল সোমবার সকালে যাঁরা চোখ বুলিয়েছেন, বেশ বড়সড় একটা ধাক্কা খেয়েছেন তাঁরা। বলে কী! স্বাধীনতা দিবসের আয়োজনে কলেজে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে?

চোখ কচলে অনেকে আবারও বোর্ডে টাঙানো বিজ্ঞপ্তিটি পড়েছেন। তাই তো! লেখা রয়েছে, ২৬ মার্চ স্বাধীনতা দিবসের দিন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিতকরণ করা হবে। নোটিশের নিচে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হযরত আলী মিয়া ও স্বাধীনতা দিবস উদ্‌যাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ঝর্ণা খানমের স্বাক্ষর রয়েছে। এ নিয়ে শিক্ষার্থী-শিক্ষকদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। বিষয়টি কর্তৃপক্ষের নজরে আনার পর বিজ্ঞপ্তিটি সংশোধন করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে ঝর্ণা খানম বলেন, ‘এটা আমাদের ভুল হয়েছে। একুশে ফেব্রুয়ারির অনুষ্ঠানমালার বিজ্ঞপ্তি দেখে কম্পোজ করার সময় এ ভুল হয়েছে। পরে দুপুরে সংশোধন করে বিজ্ঞপ্তি টাঙানো হয়।’