তাড়াইল ও ভৈরবে প্রশ্নপত্র ফাঁস, পরীক্ষা স্থগিত
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার পাঁচটি মাদ্রাসার ষষ্ঠ শ্রেণি থেকে নবম শ্রেণির এবারের বার্ষিক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় গতকাল শনিবারের তিনটি পরীক্ষা স্থগিত করা হয়েছে।
এ ছাড়া ভৈরবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ায় সেখানেও গতকাল পরীক্ষা স্থগিত করা হয়েছে।
তাড়াইল উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, চলতি মাসের ২ তারিখ থেকে একযোগে সহিলাটি আবদুল হালিম হোসাইনিয়া দাখিল মাদ্রাসা, ধলা বহুমুখী আলিম মাদ্রাসা, কাজলা আলিম মাদ্রাসা, দাউদপুর-বানাইল সিনিয়র মাদ্রাসা ও রাজ্জাকিয়া দারুস সুন্নাহ আলিম মাদ্রাসায় অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা হচ্ছে। গতকাল এসব মাদ্রাসায় নবম শ্রেণির গণিত, সপ্তম শ্রেণির ইংরেজি প্রথম পত্র, ষষ্ঠ শ্রেণির গণিত বিষয়ের পরীক্ষা হওয়ার কথা ছিল। পরীক্ষা শুরুর আগেই সবগুলো বিষয়ের প্রশ্নপত্র ফাঁস হওয়ার অভিযোগ পাওয়া যায়। পরে অভিযোগ প্রমাণিত হওয়ায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরীক্ষা স্থগিত করা হয়। এ ছাড়া পরবর্ত নবম শ্রেণির ইতিহাস, সামাজিক বিজ্ঞান, সপ্তম শ্রেণির ইংরেজি দ্বিতীয় পত্র ও ষষ্ঠ শ্রেণির ইংরেজি দ্বিতীয় পত্রের প্রশ্নপত্র বাতিল করে নতুন প্রশ্নে পরীক্ষা নেওয়ার নির্দেশ দেয় প্রশাসন।
ইউএনও রাবেয়া আকতার প্রথম আলোকে জানান, প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি প্রমাণিত হওয়ায় পরীক্ষা স্থগিত করার পাশাপাশি নতুন প্রশ্নে পরের সবগুলো পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত দেওয়া হয়েছে। এ ব্যাপারে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তের পর দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে ভৈরবে ৭ ডিসেম্বর থেকে একযোগে একই প্রশ্নে উপজেলার সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম থেকে চতুর্থ শ্রেণিতে পরীক্ষা শুরু হয়। কিন্তু প্রশ্নপত্র ফাঁস হওয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির বার্ষিক পরীক্ষার ধর্ম শিক্ষা পরীক্ষাটি গতকাল স্থগিত করা হয়। উপজেলা শিক্ষা কার্যালয় বার্ষিক পরীক্ষার এসব প্রশ্ন তৈরি করে।
ভৈরব উপজেলা শিক্ষা কর্মকর্তা সোহাগ আহমেদ জানান, চতুর্থ শ্রেণির ধর্মশিক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার সত্যতা পাওয়ায় ওই বিষয়ের পরীক্ষাটি স্থগিত করা হয়। স্থগিত পরীক্ষা ১৫ ডিসেম্বর হবে। প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে জেলা শিক্ষা কার্যালয়ের তত্ত্বাবধানে একটি তদন্ত দল গঠন করা হচ্ছে।