তাড়াইলে নববর্ষের অনুষ্ঠানে সংঘর্ষ
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার রাউতি ইউনিয়নের পুরুড়া বাজারে গত বুধবার নববর্ষ উদ্যাপন উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানকে কেন্দ্র করে ভাওয়াল গ্রামবাসী এবং কৌলি গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এ ঘটনায় তাড়াইল থানার উপপরিদর্শক (এসআই) মজিবুর রহমান ওই দিন রাতে ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৫০-৬০ জনকে আসামি করে মামলা করেন। সংঘর্ষের ঘটনায় পুলিশ ছাড়াও দুই গ্রামের কমপক্ষে ৩০ জন আহত হন। তাঁদের মধ্যে দুজনকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, পুরুড়া বাজারে জাগরণী সংঘের উদ্যোগে নববর্ষ উদ্যাপন উপলক্ষে গরুর হাটে এক সাংস্কৃতিক অনুষ্ঠান চলার সময় কৌলি গ্রামের আবুল মিয়ার ছেলে মামুন মিয়াকে (২০) ভাওয়াল গ্রামের কয়েকজন মারধর করে। খবর পেয়ে কৌলি গ্রামের লোকজন পাশের পুরুড়া চৌরাস্তা এলাকায় ভাওয়ালের লোকজনের ওপর হামলা চালায়। এ সময় ভাওয়াল গ্রামের লোকজনও সেখানে উপস্থিত হলে সংঘর্ষ বেধে যায়।
খবর পেয়ে তাড়াইল থানার ওসি আবদুছ ছালাম মিয়া তাঁর দল নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। দুই ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে দা, বল্লম, ইট ও সড়কির আঘাতে উভয় গ্রামের বাসিন্দারা আহত হন। এ সময় ইটের আঘাতে পুলিশ সদস্য কামরুল ইসলাম, এসআই মোশাহেদ খানসহ সাত পুলিশ সদস্য আহত হন। পরে কিশোরগঞ্জ সদর সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বী জেলা থেকে একদল অতিরিক্ত পুলিশ নিয়ে ঘটনাস্থলে আসেন।
নাম প্রকাশ না করার শর্তে ভাওয়াল গ্রামের কয়েকজন বাসিন্দা বলেন, পয়লা বৈশাখের দিন পুরুড়া চৌরাস্তায় কৌলি গ্রামের মামুন ভাওয়াল মুন্সি বাড়ির ছেলে হৃদয় মিয়া ও কাবির মিয়ার ছেলে আমিত মিয়াকে পেটায়। এ জন্য মামুনের ওপর হামলা করা হয়।
হামলায় আহত কৌলি গ্রামে আবুল মিয়া (৪৭), জিয়াউর রহমান (২৬), আবুল হাশেম (২৪), বজলুর রহমানকে (৪৮) তাড়াইল হাসপাতালে এবং আরও ১৫ জনকে কিশোরগঞ্জ জেলা হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
ওসি আবদুছ ছালাম মিয়া বলেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। দুই গ্রামবাসীর পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুরুড়া এলাকায় পুলিশ টহল জোরদার করা হয়েছে।