তাড়াইলে সংঘর্ষে ২০ জন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার রাউতি ইউনিয়নের দাউদপুর গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে গতকাল রোববার সকালে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনকে কিশোরগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, দাউদপুর গ্রামের মৃত আবদুল বারেকের ছেলে আবু চান ও মৃত রঙ্গু মিয়ার ছেলে তাইজুল মিয়া সম্পর্কে চাচাতো ভাই। তাঁরা পাশাপাশি বাড়িতে বাস করেন। বাড়ির সীমানা নিয়ে তাঁদের মধ্যে বিরোধ চলে আসছে।
গতকাল সকাল আটটার দিকে সার্ভেয়ার (জরিপকারী) দিয়ে সীমানা নির্ধারণ করার সময় উভয় পক্ষ রামদা, বল্লম, লাঠি নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে আহত তাইজুল ইসলাম, শিখা, খাইরুল ইসলাম, রফিক, শওকত, সমলা, জাহাঙ্গীর আলম, আবু চান ও আঙ্গুরা বেগমকে তাড়াইল স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক সমলা, তাইজুল ইসলাম ও আঙ্গুরাকে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ জেলা হাসপাতালে পাঠান। অন্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ছাড়া আহত কয়েকজনকে স্থানীয় বানাইল বাজারে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, ‘থানায় কেউ অভিযোগ নিয়ে আসেনি। বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।’