তাড়াশে স্কুলছাত্রী গণধর্ষণের শিকার
সিরাজগঞ্জের তাড়াশে এক স্কুলছাত্রী গণধর্ষণের শিকার হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ধর্ষণের অভিযোগে আল আমিন (২২) নামের এক যুবককে আটক করেছে।
পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, গত সোমবার রাতে উপজেলার সগুনা ইউনিয়নের দীঘিসগুনা গ্রামের খয়বর হোসেনের ছেলে আল আমিনসহ কয়েকজন ওই ছাত্রীকে (১২) তাদের ঘর থেকে ডেকে আনে। তারা তাকে ফুসলিয়ে পাশের মাগুড়াবিনোদ গ্রামের মাঠে নিয়ে যায় এবং গভীর রাত পর্যন্ত তাকে ধর্ষণ করে ফেলে রেখে যায়। পরে মেয়েটি মাগুড়াবিনোদ গ্রামের একটি বাড়িতে গিয়ে সাহায্য চায় এবং কিছুক্ষণ পর অজ্ঞান হয়ে যায়। রাতেই গ্রামবাসী তাকে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। গতকাল মঙ্গলবার সকালে ওই ছাত্রীকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক অসীম কুমার ঘোষ বলেন, অবস্থার অবনতি হওয়ায় ওই ছাত্রীকে গতকাল বগুড়ায় পাঠানো হয়েছে।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, খবর পেয়ে রাতেই অভিযান চালিয়ে আল আমিনকে আটক করা হয়েছে। অন্যান্য অপরাধীকে আটকের জন্য অভিযান চলছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।