চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকায় ছাত্রলীগের নেতাদের বাড়িতে তাণ্ডব চালানোর ঘটনায় নয়জন এবং এক নেতার ওপর হামলার ঘটনায় আট নেতা-কর্মী জড়িত বলে সংগঠনের তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে জড়িত নেতা-কর্মীদের নাম প্রকাশ করতে চাননি ছাত্রলীগের কেন্দ্রীয় নেতারা।
গতকাল বুধবার সন্ধ্যায় কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইনের কাছে এ প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন তদন্ত কমিটির সদস্য ও কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি সাকিব হাসান।
এদিকে ছাত্রলীগের নেতাদের বাড়িতে তাণ্ডব চালানোর ঘটনায় গতকাল সন্ধ্যায় হাটহাজারী থানায় মামলা নেওয়া হয়েছে।
গত শনিবার রাত সাড়ে নয়টার দিকে দুর্বৃত্তরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসভাপতি তাইফুল হককে ক্যাম্পাসে কুপিয়ে জখম করে। এর চার ঘণ্টা পর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দুই সহসভাপতি মো. মামুন ও মো. নাজিম, পাঠাগার সম্পাদক আবু বকর, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক দিয়াজ ইরফান চৌধুরীর বাসায় তাণ্ডব চালানো হয়। তাঁদের সবার বাসা বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকায়। অভিযোগ উঠেছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতির অনুসারী শতাধিক নেতা-কর্মী এসব ঘটনায় জড়িত। আহত তাইফুল সভাপতির পক্ষের নেতা।
এসব ঘটনা তদন্তে কেন্দ্রীয় সহসভাপতি কাজী এনায়েতের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করে ছাত্রলীগ। কমিটির অন্য সদস্যরা হলেন কেন্দ্রীয় সহসভাপতি মনির হোসেন ও সাকিব হাসান এবং যুগ্ম সাধারণ সম্পাদক শাহিদুল শাহেদ। তাঁরা গত সোমবার চট্টগ্রামে আসেন। সেদিন রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তাইফুল হককে দেখতে যান। পরদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যান। তাঁরা তাইফুল হকের ওপর হামলার বিষয়ে খোঁজ নেন এবং ২ নম্বর গেটে তাণ্ডবের শিকার ছাত্রলীগের নেতা ও সাধারণ লোকজনের বাড়িতে যান।
কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি সাকিব হাসান প্রথম আলোকে বলেন, দুটি ঘটনায় দোষী নেতা-কর্মীদের বিরুদ্ধে কঠোর শাস্তির সুপারিশ করা হয়েছে। তাঁদের ছাত্রলীগ থেকে বহিষ্কারের পাশাপাশি একাডেমিকভাবেও বহিষ্কারের সুপারিশ করা হয়েছে।
এদিকে ছাত্রলীগের নেতাদের বাড়িঘরে হামলা ও লুটপাটের ঘটনায় চুরি ও চাঁদাবাজির মামলা নিয়েছে হাটহাজারী থানার পুলিশ।
দিয়াজ ইরফান চৌধুরীর মা জাহেদা আমীন চৌধুরী গতকাল প্রথম আলোকে বলেন, ‘তিন দিন ধরে হাটহাজারী থানায় গিয়ে বসে থাকার পর আজ সন্ধ্যায় মামলা নিয়েছে পুলিশ। তবে আমি ডাকাতির মামলা করতে চাইলেও পুলিশ চুরি ও চাঁদাবাজির মামলা নিয়েছে। আর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আলমগীর টিপু আমার বাসায় হামলার নেতৃত্ব দেওয়ার পরও পুলিশ তাঁর নাম বাদ দেওয়ার শর্তে মামলা নিয়েছে।’
এ বিষয়ে হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন জাহাঙ্গীর বলেন, ভাঙচুরের ঘটনায় মামলা হয়েছে। আসামিদের ধরতে অভিযান চালানো হবে। এর বেশি কিছু বলতে চাননি তিনি।