তানভীরের পকেট থেকে পাওয়া যায় পিস্তল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হল-মার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তানভীর মাহমুদের প্যান্টের পকেটে পিস্তল পাওয়া যায়। সেই অস্ত্র জব্দ করা হয়। আজ বৃহস্পতিবার তানভীরের বিরুদ্ধে করা অস্ত্র মামলার সাক্ষী আনছার ব্যাটালিয়নের সদস্য মো. শাহাবুদ্দিন আদালতে এসব কথা বলেন।

ঢাকার পঞ্চম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক জাহিদুল কবির এই সাক্ষীর জবানবন্দি রেকর্ড করেন। এ নিয়ে এই মামলার ছয়জনের সাক্ষ্য গ্রহণ শেষ হলো। এই আদালতের সরকারি কৌঁসুলি মহিউদ্দিন দেওয়ান প্রথম আলোকে বলেন, সাক্ষী শাহাবুদ্দিন জবানবন্দিতে বলেছেন, গ্রেপ্তারের দিন তানভীর মাহমুদের প্যান্টের পকেটে পিস্তল পাওয়া যায়।

এর আগে কাশিমপুর কারাগার থেকে আজ তানভীর মাহমুদকে আদালতে হাজির করা হয়। সাক্ষী শাহাবুদ্দিনের জবানবন্দি শেষ হলে তানভীরের আইনজীবীরা তাঁকে জেরা করেন।

আদালত সূত্র বলছে, ২০১২ সালের ৭ অক্টোবর রাত সোয়া নয়টায় রাজধানীর পল্লবীর ৬ নম্বর সেকশনের সি ব্লক থেকে তানভীরকে অস্ত্রসহ গ্রেপ্তার করে র‌্যাব। গ্রেপ্তারের সময় তানভীরের কাছ থেকে একটি পিস্তল ও চারটি গুলি উদ্ধার করা হয়। পরে এ ঘটনায় তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়। সেই মামলায় ২০১২ সালের ৮ অক্টোবর তানভীরের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। আদালত অভিযোগপত্র আমলে নিয়ে গত বছরের ২১ জুলাই তানভীরের বিরুদ্ধে বিচার শুরু করেন।

এ ছাড়া সোনালী ব্যাংকের ঋণ জালিয়াতির ঘটনায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা একাধিক মামলায় হল-মার্ক গ্রুপের এমডি তানভীর মাহমুদের বিচার চলছে।