তানোরে খাদ্যগুদাম কর্মকর্তাকে মারধর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারদলীয় লোকজনের হাতে মারধরের শিকার হয়েছেন রাজশাহীর তানোর উপজেলা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মইনুল ইসলাম। গতকাল বুধবার এ ঘটনা ঘটে।
গুদাম কর্মকর্তার অভিযোগ, তানোর উপজেলা যুবলীগের সহসভাপতি রাকিবুল হাসানের আর্দ্রতা ও ময়লাযুক্ত গম নিতে আপত্তি জানানোয় তাঁকে মারধর করা হয়। তবে যুবলীগ নেতার দাবি, গুদাম কর্মকর্তা তাঁর গম সরবরাহের জন্য ঘুষ চেয়েছিলেন।
ভুক্তভোগী কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কয়েকজন প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাকিব মঙ্গলবার একটি ট্রাকে করে ১৫ টন গম নিয়ে আসেন গুদামে। ওই গমে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় গুদাম কর্মকর্তা তাঁর গম রোদে শুকানোর পরামর্শ দেন। পরে রাকিব সেই গম গুদামের মাঠে শুকাতে চান। কিন্তু সেদিন মাঠে জায়গা না হওয়ায় তিনি গুদাম চত্বরে গম রেখে চলে যান।
সূত্রগুলো জানায়, রাকিব গতকাল দুপুরে আবার খাদ্যগুদামে আসেন। তখন গুদামের কর্মকর্তা তাঁর গম পরীক্ষা করে ময়লা পরিষ্কার করতে বলেন। কিন্তু রাকিব ময়লা পরিষ্কার করতে অস্বীকৃতি জানান। পরে তিনি বিকেল সাড়ে পাঁচটার দিকে ছাত্রলীগের নেতা-কর্মীদের গুদামে ডেকে নিয়ে আসেন। সেখানে বাগ্বিতণ্ডার একপর্যায়ে খাদ্যগুদাম কর্মকর্তা মইনুল ইসলামকে কিল, ঘুষি ও থাপড় মারেন নেতা-কর্মীরা। তখন গুদাম কর্মকর্তা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) ফোন করেন। ইউএনও থানায় ফোন করে পুলিশ পাঠান। সন্ধ্যা ছয়টার দিকে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই রাকিব তাঁর লোকজন নিয়ে চলে যান।
জানতে চাইলে যুবলীগ নেতা রাকিব বলেন, তিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতিকে টনপ্রতি এক হাজার টাকা দিয়ে ২০ টন গমের বরাদ্দ নিয়েছেন। তাঁর অভিযোগ, সেই গম খাদ্যগুদামে সরবরাহ করতে এলে কর্মকর্তা তাঁর কাছে টনপ্রতি দুই হাজার টাকা ঘুষ দাবি করেন। বিষয়টি স্থানীয় সাংসদকে জানাতে চাইলে ওই কর্মকর্তা বলেন, ‘আপনার এমপির কিছু করার থাকলে করবে, আমারও কিছু করার থাকলে করব।’ খবর পেয়ে ইতিমধ্যে তাঁর লোকজনও গুদামে চলে আসেন। তখন তাঁদের সঙ্গে গুদাম কর্মকর্তার ধাক্কাধাক্কি হয়।
ঘুষ চাওয়ার অভিযোগ অস্বীকার করে খাদ্যগুদাম কর্মকর্তা মইনুল ইসলাম বলেন, তিনি ঘুষ চাননি। রাকিবের গমে আর্দ্রতার পরিমাণ বেশি ছিল। পরে তা শুকানোর পর ময়লা পরিষ্কার করা হচ্ছিল। ইতিমধ্যে কৃষকদের পরিষ্কার গম আসায় কর্মচারীরা সেই গম নিতে শুরু করেন। এতে ক্ষুব্ধ হয়ে ওই নেতা লোকজন নিয়ে তাঁর ওপর হামলা চালান। তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে পরামর্শ করে মামলার ব্যাপারে সিদ্ধান্ত নেবেন বলে জানান।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা আওয়ামী লীগের সভাপতিকে টনপ্রতি একটি নির্দিষ্ট টাকা দিয়ে গমের বরাদ্দ কিনে নিতে হচ্ছে। যাঁরা বরাদ্দ কিনছেন, তাঁরা কৃষকদের কাছ থেকে কম দামে গম কিনে বেশি দামে গুদামে সরবরাহ করছেন। কোনো কৃষক সরাসরি গম সরবরাহ করতে পারছেন না বলে ন্যায্যমূল্য থেকে তাঁরা বঞ্চিত হচ্ছেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম রাব্বানী দেশের বাইরে থাকায় তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
ইউএনও মনিরুজ্জামান ভুঁঞা বলেন, বিষয়টি সমাধানের জন্য তিনি যুবলীগ নেতাকে ডেকে পাঠিয়েছিলেন। কিন্তু ওই নেতা তাঁর কাছে আসেননি।
গোদাগাড়ীতে খাদ্যগুদাম কর্মকর্তা ছুরিকাহত: গোদাগাড়ী উপজেলার কাঁকনহাট খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা এমাজউদ্দিনকে গতকাল দুপুরে ছুরিকাঘাত করা হয়েছে। আহত এমাজউদ্দিনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলাকারী বাবলুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম ফরহাদ বলেন, এটা কোনো রাজনৈতিক ঘটনা নয়। পয়লা বৈশাখের চাঁদা না পেয়ে বাবলু এ হামলা করেছে।