তানোরে গ্রেপ্তার আট 'জঙ্গি' রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের ডাঙাপাড়া গ্রামে ‘জঙ্গি আস্তানা’ থেকে গ্রেপ্তার আটজনকে রিমান্ডে পাঠিয়েছেন রাজশাহীর আদালত। এঁদের মধ্যে ছয়জনের ১০ দিন ও দুজনের ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়।

জেলা পুলিশের আদালত পরিদর্শক খুরশিদা বানু জানান, আজ মঙ্গলবার বিকেলে আটজনকে রাজশাহীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে-৩-এ হাজির করে তদন্ত কর্মকর্তা ১০ দিন করে রিমান্ডের আবেদন করেন। আবেদনের শুনানি শেষে আদালতের বিচারক সাইফুল ইসলাম ছয়জনের ১০ দিন করে এবং দুজনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে তাঁদের আদালত থেকে তানোর থানায় পাঠানো হয়। বাড়ির মালিক রমজান আলী, তাঁর স্ত্রী আয়শা বেগম, দুই ছেলে ইব্রাহীম হোসেন ও ইসরাফিল হোসেন, জামাতা রবিউল ইসলাম, পুত্রবধূ রুমেসা বেগমকে ১০ দিন করে রিমান্ডে নেওয়ার আদেশ দেওয়া হয়েছে। আর রমজানের পুত্রবধূ মর্জিনা খাতুন ও মেয়ে হাওয়া খাতুনের এক মাসের শিশুসন্তান থাকায় তাঁদের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল ইসলাম জানান, তানোর থানার পিএসআই জাহেদুল ইসলাম খন্দকার বাদী হয়ে মঙ্গলবার সকালে সন্ত্রাসবিরোধী আইনে থানায় মামলাটি করেন। মামলায় একই পরিবারের আটজনসহ নয়জনকে আসামি করা হয়েছে। অপরজন পলাতক আছেন। মুন্ডুমালা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (ইন্সপেক্টর) সিদ্দিকুর রহমানকে মামলার তদন্তকারী কর্মকর্তা হিসেবে দায়িত্বভার দেওয়া হয়।
গত রোববার রাত ১২টার দিকে রাজশাহীর তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের ডাংগাপাড়া গ্রামে স্কুলশিক্ষক রমজান আলীর বাড়ি ঘিরে অভিযান শুরু করে পুলিশ। বগুড়ার কাউন্টার টেররিজম ইউনিট ও রাজশাহী জেলা পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। প্রথমে কৌশলে তিন ‘জঙ্গি’কে বাড়ি থেকে বের করে আটক করে পুলিশ। এঁরা হলেন ইব্রাহিম হোসেন, ইস্রাফিল হোসেন ও রবিউল ইসলাম। পুলিশ জানায়, এঁরা তিনজন নব্য জেএমবির সক্রিয় সদস্য। পরে পুলিশের আহ্বানে সারা দিয়ে নারী-শিশুসহ বাড়ির নয় সদস্য আত্মসমর্পণ করে। তাঁদের পুলিশ হেফাজতে নেওয়া হয়। অভিযানের সময় ওই বাড়ি থেকে পাঁচটি গুলিসহ পিস্তল উদ্ধার করা হয়। বাড়ির ভেতর দুটি সুইসাইডাল ভেস্টসহ আরও বিস্ফোরক আছে সন্দেহে বাড়িটি ঘিরে সোমবার সারা দিন ঘিরে রাখা হয়।
অভিযান চালাতে ঢাকা থেকে বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়। গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে তারা ঘটনাস্থলে এসে ওই বাড়িতে অভিযান শুরু করে। এরপর ওই বাড়িতে পরপর তিনটি শক্তিশালী বোমার বিস্ফোরণ ঘটে।
এরপর রাত সোয়া ১১টার দিকে ‘অপারেশন রিবার্থ’ নামের এ অভিযানের সমাপ্তি ঘোষণা করেন রাজশাহী রেঞ্জ পুলিশের অতিরিক্ত ডিআইডি (অপারেশন) নিশারুল আরিফ। তিনি সাংবাদিকদের বলেন, এ অভিযানে জঙ্গি আস্তানা থেকে তিনটি সুসাইডাল ভেস্ট, একটি বোমা, বেশ কিছু বিস্ফোরক, একটি ল্যাপটপ, একটি পিস্তল, পাঁচটি গুলি, জিহাদি বই ও সিডি, নগদ দুই লাখ টাকা, দুটি মোটরসাইকেল ও পাঁচটি মোবাইল উদ্ধার করা হয়েছে।