তাবলিগ জামাতের দুই পক্ষে বিরোধ, শিক্ষক লাঞ্ছিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শহীদ সালাম-বরকত হলসংলগ্ন মসজিদে গত শনিবার রাতে তাবলিগ জামাতের এক পক্ষের ওপর অন্য পক্ষ চড়াও হয়। এ সময় পরিবেশ বিজ্ঞান বিভাগের এক শিক্ষককে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্যাম্পাসে তাবলিগ জামাতের প্রবেশের ওপর অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, শনিবার বিকেলের দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক এ এইচ এম সা’দাতের মাধ্যমে তাবলিগ জামাতের ১০ থেকে ১৫ জন সদস্যের একটি দল ওই মসজিদে আসে। এ দলটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক মুশফিকুর রহমানের অনুসারী। তাঁরা ক্যাম্পাসে এলে তাবলিগ জামাতের সঙ্গে যুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকাংশ এর বিরোধিতা করেন এবং তাঁদের ক্যাম্পাস ছেড়ে যেতে বলেন। কিন্তু তাঁরা তাতে অস্বীকৃতি জানান। তখন এ নিয়ে দুই পক্ষে বাগ্বিতণ্ডা হয়।
একপর্যায়ে রাত সাড়ে নয়টার দিকে ক্যাম্পাসের কয়েকজন শিক্ষার্থীর নেতৃত্বে সাভার ও কলমা থেকে আসা মাওলানা জিয়া, আতাউল গণি, শফিকুর রহমান, গোলাম হোসেন, আদম আলীসহ কয়েকজন মসজিদের ভেতরে ঢুকে অপর দলটির ওপর চড়াও হন। তাঁরা ওই দলের সদস্যদের জিনিসপত্র বাইরে ছুড়ে ফেলেন। এ সময় পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষক এ এইচ এম সা’দাত পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলে তাঁকে লাঞ্ছিত করা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক তাবলিগ জামাতের সঙ্গে যুক্ত এক শিক্ষার্থী বলেন, কাকরাইল মসজিদের অধীনে সারা দেশে তাবলিগ জামাতের কার্যক্রম পরিচালিত হয়। কিন্তু এই দলটি কাকরাইল মসজিদের বাইরে গিয়ে তাদের কার্যক্রম পরিচালনা করে।
রাত সোয়া ১০টার দিকে প্রক্টরিয়াল বডির দু-তিনজন সদস্য ঘটনাস্থলে আসেন। এরপর আ ফ ম কামাল উদ্দিন হলের প্রাধ্যক্ষ মু. নজিবুর রহমান দুই পক্ষের প্রতিনিধিদের নিয়ে তাঁর হল-কার্যালয়ে যান। সেখানে দুই পক্ষই নিজেদের যুক্তি তুলে ধরে। রাত ১১টার দিকে সেখানে হাজির হন সহ-উপাচার্য মো. আবুল হোসেন, রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক, প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের শিক্ষক এস এম বদিয়ার রহমান ও প্রক্টর তপন কুমার সাহা।
পরে সহ-উপাচার্য আবুল হোসেন উপস্থিত সবাইকে বলেন, ‘তাবলিগ জামাতের প্রতি আমাদের শ্রদ্ধা রয়েছে। কিন্তু সামনে সমাবর্তন। তাই পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত ক্যাম্পাসের কোনো মসজিদে তাবলিগ জামাতের কেউ প্রবেশ করতে পারবে না।’ একই সঙ্গে মসজিদে অবস্থানকারী দলটিকে গতকাল সকালের মধ্যে চলে যাওয়ারও নির্দেশ দেওয়া হয়।