তাবলিগের আমিরকে হত্যার কথা স্বীকার করলেন স্ত্রী
সিলেটে নিজ বাড়িতে খুন হওয়া তাবলিগ জামাতের স্থানীয় আমির ইব্রাহিম আবু খলিলকে (৫৫) তাঁর স্ত্রী ফাতেহা মাশরুকা (৪০) হত্যা করেছেন বলে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
আজ মঙ্গলবার দুপুরে সিলেট মহানগর মুখ্য হাকিম আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন ফাতেহা। মহানগর হাকিম (আমলি আদালত-১) মো. শাহেদুল করিম তাঁর জবানবন্দি রেকর্ড করেন। দুপুর একটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত জবানবন্দি দেন তিনি। সম্পত্তি ভাগ-বাঁটোয়ারায় রাজি না হওয়া, পরিবারকে সময় না দেওয়া ও একাধিক বিয়ের কারণে ফাতেহা ক্ষিপ্ত হয়ে স্বামীকে হত্যা করেন বলে স্বীকারোক্তিতে উল্লেখ করেন।
ইব্রাহিম আবু খলিল তাবলিগ জামাতের ধোপাদিঘিরপাড় আঞ্চলিক শাখার মুরব্বি (আমির) ছিলেন।
সিলেট নগরের সওদাগরটুলায় নিজ বাড়ির শোয়ার ঘর থেকে সোমবার সকালে খলিলের লাশ উদ্ধার করে পুলিশ। এ সময় ওই বাড়ি থেকে খলিলের স্ত্রী ফাতেহাকে আটক করা হয়। তিনি খলিলের প্রথম স্ত্রী। ইব্রাহিম খলিল আরও দুটো বিয়ে করেছেন।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. রহমত উল্লাহ প্রথম আলোকে জানান, জবানবন্দি দেওয়ার পর ফাতেহাকে জেলখানায় পাঠানো হয়েছে। ঘটনার পরপরই বাড়ি থেকে ফাতেহা এবং তাঁর ছোট ছেলেকে আটক করা হয়েছিল। পরে তাঁর ছেলেকে ছেড়ে দেওয়া হয়েছে।
আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, জবানবন্দিতে ফাতেহা জানান, ১৯৯০ সালে তাঁদের বিয়ে হয়। তাঁদের তিন ছেলে রয়েছে। তাবলিগ জামায়াতে সময় দেওয়া নিয়ে স্বামীর সঙ্গে তাঁর মনোমালিন্য শুরু হয়। জবানবন্দিতে তিনি আরও বলেন, তাবলিগ নিয়ে ব্যস্ত থাকায় তাঁর স্বামীর সংসারের দিকে মনোযোগ ছিল না। এরপর আরও দুটো বিয়ে করায় স্বামীর প্রতি তাঁর ক্ষোভ বেড়ে যায়। দিল্লিতে (ভারত) এক চিল্লা (৪০ দিনের) দিয়ে তিনি দেশে ফিরে চলে যান দিনাজপুরে এক স্ত্রীর সঙ্গে দেখা করতে। সেখান থেকে ঢাকায় তাবলিগে থাকা দুই ছেলের সঙ্গে দেখা করে বাড়িতে ফেরেন। ফাতেহা বলেন, সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে তিনি বাড়ির সম্পত্তি ভাগ-বাঁটোয়ারা করে দেওয়ার বিষয়টি স্বামীকে জানান। তিনি বলেন, ‘এতে তিনি (ইব্রাহিম খলিল) ক্ষিপ্ত হলে আমারও রাগ হয়। ক্ষোভের মাথায় দিশেহারা হয়ে রাতে তাঁকে খুন করি।’
হত্যার বর্ণনায় ফাতেহা জবানবন্দিতে উল্লেখ করেন, শোয়ার কক্ষে ঘুমন্ত অবস্থায় প্রথমে খলিলের মাথায় লোহার পাত দিয়ে আঘাত করেন তিনি। পরে খলিল জেগে উঠে ছটফট শুরু করলে তিনি দড়ি দিয়ে খলিলের দুই হাত বেঁধে ছুরি দিয়ে পেটে উপর্যুপরি আঘাত করেন। রক্তক্ষরণে খলিল কিছুটা নিস্তেজ হয়ে পড়লে মৃত্যু নিশ্চিত করতে গলায় ছুরি চালান। খুনের কারণ সম্পর্কে জবানবন্দিতে ফাতেহা বলেন, ‘আমি সুখী ছিলাম না। এ (হত্যাকাণ্ড) ছাড়া আর কোনো উপায়ও ছিল না।’