তাবেলা সিজারকে খুব কাছে থেকে গুলি করা হয়েছে
রাজধানীর গুলশানে গতকাল সোমবার নিহত ইতালীয় নাগরিক তাবেলা সিজারের শরীরে তিনটি গুলি করা হয়েছে। দুটি গুলি তাঁর শরীর ভেদ করে বেরিয়ে গেছে। একটি শরীরে বিদ্ধ অবস্থায় পাওয়া গেছে।
আজ মঙ্গলবার দুপুর দুইটায় লাশের ময়নাতদন্ত প্রতিবেদন দিয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগ। ফরেনসিক প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, খুব কাছ থেকে পেছন দিক দিয়ে তাবেলা সিজারের বাম বাহুর নিচে রিভলবার দিয়ে গুলি করা হয়।
ফরেনসিক বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক চিকিৎসক মোহাম্মদ কাজী আবু শামা বলেছেন, সিজারের শরীরে তিনটি গুলি লেগেছে। দুটি গুলি শরীরে ঢুকে বেরিয়ে গেছে। একটি গুলি শরীরে বিদ্ধ অবস্থায় পাওয়া গেছে।
গুলশান থানার এসআই সাব্বির হোসেন জানান, বর্তমানে লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে আছে। বিভিন্ন প্রক্রিয়া শেষে লাশ বুঝিয়ে দেওয়া হবে।