তাবেলা হত্যায় আটক ৪
ইতালির নাগরিক সিজার তাবেলা হত্যার ঘটনায় সন্দেহভাজন চার ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল প্রথম আলোকে এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভাষ্যমতে, আটক হওয়া সন্দেহভাজন চারজন হলেন ভাগনে রাসেল, শুটার রুবেল, চাকতি রাসেল ও শরীফ।
এ ছাড়া হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করার দাবি করেছে পুলিশ।

ঘটনার বিষয়ে সাংবাদিকদের বিস্তারিত জানাতে আজ সোমবার বেলা সাড়ে ১১টায় ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন হওয়ার কথা।
গত ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় গুলশান ২-এর ৯০ নম্বর সড়কের গভর্নর হাউসের সীমানাপ্রাচীরের বাইরের ফুটপাতে সিজার তাবেলাকে (৫১) গুলি করে হত্যা করা হয়।
প্রত্যক্ষদর্শীরা দুই তরুণকে গুলি ছুড়ে অপেক্ষমাণ এক ব্যক্তির মোটরসাইকেলে করে পালাতে দেখেছেন।
সিজার নেদারল্যান্ডসভিত্তিক বেসরকারি সংস্থা আইসিসিও কো-অপারেশন প্রুফসের (প্রফিটেবল অপরচুনিটিজ ফর ফুড সিকিউরিটি) প্রকল্প ব্যবস্থাপক ছিলেন।