তামাক জব্দের ঘটনায় বিজিবির গুলি, আহত ৩
লালমনিরহাটের পাটগ্রামে তামাক জব্দের ঘটনাকে কেন্দ্র করে বিজিবি সদস্যদের গুলিতে তিন গ্রামবাসী গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার কুচলিবাড়ি ইউনিয়নের শমসেরপুর গ্রামে এ ঘটনা ঘটে।
গুলিতে শমসেরপুর গ্রামের জাহেদুল ইসলাম (২৬), একই গ্রামের রতন (২৩) ও পানবাড়ি গ্রামের সফিকুল ইসলাম (২৫) গুরুতর আহত হয়েছেন। তাঁদের প্রথমে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গতকাল বিকেলে কুচলিবাড়ি ইউনিয়নের ললিতারহাট বাজারের ব্যবসায়ী জাহেদুল ইসলাম শমসেরপুর গ্রামের এক ব্যক্তির কাছ থেকে এক ভ্যান তামাক কেনেন। তামাকগুলো ভ্যানে করে ললিতারহাট বাজারে নিজ গুদামে নিয়ে আসছিলেন। শমসেরনগর গ্রামে এলে বিজিবির একটি টহল দল ভ্যানটি আটকায়। বিজিবি সদস্যরা তামাকবোঝাই ভ্যানটি তাঁদের ক্যাম্পে নিয়ে যেতে চাইলে ওই ইউপির ৩ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুল খালেক ও গ্রামবাসী তাতে বাধা দেন। একপর্যায়ে বিজিবি সদস্যরা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবদুল খালেককে বেদম পিটুনি দেন। এ সময় গ্রামবাসী বিজিবির টহল দলটিকে ঘিরে ধরে। খবর পেয়ে পাটগ্রাম বিজিবির সদর কোম্পানি কমান্ডার মকবুল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল হক ঘটনাস্থলে হাজির হন। তাঁরা বিষয়টি প্রায় সুরাহা করে এনেছিলেন। এ সময় হঠাৎ বিজিবি এলাকাবাসীর ওপর গুলি চালায়।
ইউপি সদস্য আবদুল খালেক বলেন, ‘তামাক জব্দের বিষয়ে জানতে চাইলে বিজিবি সদস্যরা আমাকে মারধর করে। রাইফেলের নল বুকে ঠেকায়। তা দেখে গ্রামবাসী বিজিবির টহল গাড়ির সামনে দাঁড়ায়। বিষয়টি সমাধানের চেষ্টাকালে বিজিবি গ্রামবাসীদের ওপর গুলি চালায়।’
পাটগ্রাম বিজিবির কমান্ডার মকবুল হোসেন পরিস্থিতি নিয়ন্ত্রণে একটি গুলি ছোড়ার কথা স্বীকার করেছেন। তিনি জানান, বিষয়টি লালমনিরহাট ১৫ বিজিবির অধিনায়ককে জানানো হয়েছে।
লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল বজলুর রহমান হায়াতী জানান, গোপন সংবাদের ভিত্তিতে কিছু তামাক জব্দ করে বিজিবি। কিন্তু তা ক্যাম্পে নিয়ে আসার সময় স্থানীয় ইউপি সদস্য আবদুল খালেক তাঁর দলবল নিয়ে বিজিবিকে ঘিরে ফেলেন। অস্ত্র ধরে ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালান। এ সময় বিজিবি আত্মরক্ষার স্বার্থে একটি গুলি চালায়।