তামার তার তামাদি

সিলেট নগরের আরামবাগ এলাকার নবীন চন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের রাস্তার এক পাশ খোঁড়া অবস্থায় দেখেন এলাকাবাসী। ১৮ ফেব্রুয়ারি সকালবেলা এ দৃশ্য দেখে রাতে নজর রাখতেই দেখা গেল, একদল লোক সিটি করপোরেশনের কর্মী পরিচয় দিয়ে রাস্তা খুঁড়ে তামার তার উত্তোলন করছেন। এসব তার বেসরকারি টেলিফোন কোম্পানির। মাটির নিচে থাকা তার উত্তোলন করে রাতেই ভাঙারি ব্যবসায়ীদের কাছে বিক্রি করা হচ্ছে।
শুধু আরামবাগ নয়, নগরের কুমারপাড়া, সোবহানীঘাট, মেন্দিবাগ, শাহজালাল উপশহর, শিবগঞ্জ, নাইওরপুল, সেনপাড়া, টিলাগড়সহ ১৫টি মহল্লার রাস্তার পাশ খুঁড়ে অন্তত দুই কোটি টাকার তামার তার তামাদি হয়েছে বলে খোদ সিটি করপোরেশনের প্রকৌশল বিভাগ তাৎক্ষণিক পর্যবেক্ষণে নিশ্চিত করেছে।
জানতে চাইলে সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান প্রথম আলোকে জানান, খবর পেয়ে কয়েকটি এলাকায় রাস্তার পাশ খোঁড়া পাওয়া গেছে। এটি একটি সংঘবদ্ধ চক্র। চোরদের ধরতে সিটি করপোরেশনের পক্ষ থেকে মহানগর পুলিশকে লিখিতভাবে জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, ২০০০ সালের শুরুর দিকে বেসরকারি টেলিফোন কোম্পানি সিলেট নগরে ব্যবসা শুরু করে। ওই সময় নগরের কেন্দ্রস্থলের মহল্লাগুলোকে কোম্পানি টেলিফোন নেটওয়ার্কের আওতায় আনতে রাস্তার পাশ দিয়ে তামার তারের সংযোগ দেয়। এ খাতে যথারীতি সিটি করপোরেশনের অনুমোদন ও এ জন্য ধার্য করা খরচও কোম্পানি বহন করে। বেসরকারি টেলিফোন কোম্পানির ব্যবসা সম্প্রসারিত হওয়ার পরপরই মুঠোফোন কোম্পানির নেটওয়ার্কের বিস্তৃতি ঘটে।
বেসরকারি টেলিফোন কোম্পানির ব্যবসায় ভাটা পড়ে। একপর্যায়ে অনেকেই ব্যবসা গুটিয়ে চলে যায়। এর মধ্যে ‘বিজয় ফোন’ নামের একটি কোম্পানি নগরের প্রায় পুরোটা তাদের নেটওয়ার্কের আওতায় আনতে রাস্তার পাশ খুঁড়ে তামার তারের সংযোগ দেয়। এ কোম্পানিটি ২০১২ সালের ডিসেম্বরের দিকে সিলেট ত্যাগ করে। তারা সিটি করপোরেশনকে জানায়, মাটির নিচে বিভিন্ন কোম্পানির প্রায় পাঁচ কোটি টাকার তামার তার পড়ে আছে। বিষয়টি জেনে একটি চক্র তার চুরির চেষ্টা করে। এতে সিটি করপোরেশনের সংশ্লিষ্ট দপ্তরের মাঠ পর্যায়ের কিছু কর্মী এবং বিজয় ফোনে কর্মরত সাবেক কিছু কর্মকর্তা-কর্মচারীর যোগাসাজশ রয়েছে বলে জানা গেছে।
১৮ ফেব্রুয়ারি আরামবাগসহ আশপাশের আরও আটটি মহল্লার রাস্তার এক পাশ খোঁড়া দেখে স্থানীয় লোকজন বিষয়টি সিটি করপোরেশনকে জানালে পরে ঘটনা জানাজানি হয়। খোঁজ নিয়ে জানা গেছে, প্রতি কেজি তার ৪৫০ টাকা দরে ভাঙারি ব্যবসায়ীদের কাছে বিক্রি হচ্ছে।
গত এক সপ্তাহে শাহজালাল উপশহরের ডি-ব্লকের ৩৬ নম্বর রোডে বসবাসকারী তাহের আহমদ ও নগরের শেখঘাট-কলাপাড়া এলাকার কামাল মিয়া নামের দুই ভাঙারি ব্যবসায়ীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে তাঁরা দুজন প্রায় এক বছর ধরে পর্যায়ক্রমে তার কেনাবেচার বিষয়টি স্বীকার করেন। এর মধ্যে তাঁদের মাধ্যমে গত ছয় মাসে পাঁচ লাখ টাকার তার কেনাবেচা হয় বলে জানান তাঁরা।
এ ব্যাপারে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব প্রথম আলোকে বলেন, যত্রতত্র খোঁড়াখুঁড়ি করে রাস্তা ক্ষতিগ্রস্ত করায় এ চক্রের তৎপরতা বন্ধ করার চেষ্টা করা হচ্ছে। ওই সব এলাকায় সিটি করপোরেশনের প্রকৌশল বিভাগ নজরদারিও বাড়িয়েছে। রাস্তা খুঁড়ে তার উত্তোলনের নেপথ্যে কারা—এ বিষয়টি বের করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।