তামিম চৌধুরীর 'ঘনিষ্ঠ' এক জঙ্গি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সালাহউদ্দিন কামরান (৩০) নামের এক সন্দেহভাজন জঙ্গিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম বিভাগ।

পুলিশ বলছে, কামরান নব্য জেএমবির সদস্য। তিনি নারায়ণগঞ্জে নিহত জঙ্গিনেতা তামিম চৌধুরীর ঘনিষ্ঠ ছিলেন। কামরানকে গত বুধবার রাত আটটার দিকে ঢাকার অদূরে টঙ্গীর স্টেশন রোড এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তাঁর বাড়ি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায়।

কামরানকে গত জুলাইয়ে রাজধানীর কল্যাণপুরে জঙ্গি আস্তানায় অভিযান চালানোর ঘটনায় করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তাঁকে গতকাল বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। আদালত ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন।

ঢাকা মহানগর পুলিশের নিজস্ব নিউজ পোর্টাল ডিএমপি নিউজে বলা হয়, সালাহউদ্দিন কামরান কল্যাণপুরের তাজ মঞ্জিলে পুলিশের অভিযানে নিহত জঙ্গি আবু হাকিম নাঈমেরও ঘনিষ্ঠ ছিলেন।

কাউন্টার টেররিজম বিভাগের কর্মকর্তাদের দাবি, আবু হাকিম নাঈমের হাত ধরেই নব্য জেএমবিতে ঢোকেন সালাহউদ্দিন কামরান। তিনি গত মে মাসে টাঙ্গাইল থেকে ঢাকায় চলে আসেন। নব্য জেএমবির কর্মকাণ্ডকে গতিশীল ও উৎসাহিত করতে তিনি বিভিন্ন পর্যায়ে প্রচার কার্যক্রম চালাতেন। কল্যাণপুরে অভিযানে আহত রাকিবুল হাসান ওরফে রিগ্যানের কাছে তিনি মিরপুরের পাইকপাড়ায় এক জঙ্গি আস্তানায় প্রশিক্ষণ নিয়েছিলেন।

দেশীয় উগ্রপন্থী ইসলামি সংগঠনের সহায়তায়ও দেশে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করছিলেন তিনি।

কাউন্টার টেররিজম বিভাগের অতিরিক্ত উপকমিশনার আবদুল মান্নান প্রথম আলোকে বলেন, সালাহউদ্দিন কামরান নারায়ণগঞ্জের পাইকপাড়ায় জঙ্গি আস্তানায় যাতায়াত করতেন। পুলিশের অভিযানের পর তিনি ঢাকা ও গাজীপুর ও নারায়ণগঞ্জে অবস্থান নিয়েছিলেন।